আজ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন, একাংশের বর্জন
এক বছর তিন মাস পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। তবে দলটির একাংশ এতে যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক।
উপজেলা জাতীয় পার্টি সূত্র জানায়, ২০১৫ সালের ৩ নভেম্বর মো. আক্কাছ আলীকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি ৫১ সদস্যের উপজেলা কমিটি করা হয়। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত ১২ অক্টোবর জেলা কমিটি ওই কমিটি ভেঙে দেয়। ওই দিন জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সই করে আক্কাছ আলীকে আহ্বায়ক ও মো. সোহেল রানাকে সদস্যসচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেন। সে সময় আগের কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সারুয়ার জাহান একে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে দলের একাংশ নিয়ে পৌর শহরের গড়কান্দা এলাকায় অস্থায়ী কার্যালয় করে আলাদা কার্যক্রম শুরু করেন।
উপজেলা আহ্বায়ক কমিটি সূত্র জানায়, আজ শনিবার তারাগঞ্জ উত্তর বাজার জাতীয় পার্টির কার্যালয়ে বেলা দুইটার দিকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম উপস্থিত থাকবেন। সম্মেলনে সাবেক সাংসদ আবদুস সালামের ছেলে ও জেলা কমিটির সহসভাপতি শওকত সাঈদের থাকার কথা। এতে সভাপতিত্ব করবেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আক্কাছ আলী। সম্মেলনে ৭১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হবে।
দলটির কলসপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. দোলোয়ার হোসেন বলেন, ‘সবার অংশগ্রহণে ও মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। যাঁর যাঁর যোগ্যতা অনুযায়ী পদ পাবেন। এতে আমরা আনন্দিত।’
উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, ‘সম্মেলনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাইকে জানানো হয়েছে। যদি কেউ না আসেন, তাহলে তো করার কিছু থাকে না।’
জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘কাল সম্মেলনে উপস্থিত থেকে সব নেতা-কর্মীর মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হবে। আশা করি নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে দলের কার্যক্রম আরও বেগবান হবে।’
উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘কাল সম্মেলন হবে, অথচ আমরা জানি না। ওই সম্মেলনে আমরা যাব না। কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য তালুকদার রোজি সিদ্দিকির নেতৃত্বে উপজেলায় আমরা কার্যক্রম চালিয়ে যাব।’