দলীয় কার্যালয় নেই। কর্মীরা তাই ভিড় করেন নেতাদের বাসায়। একেক সময় একেক জায়গায় জাতীয় ও দলীয় কর্মসূচি পালিত হয়। ‘ঠিকানাবিহীন’ এ অবস্থায় সাংগঠনিক ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
নগর কমিটির সম্পাদকীয় পদে থাকা নেতারাও বলছেন, দল ক্ষমতায় থাকার এই সময়ে দলীয় কার্যালয় না থাকাটা দুঃখজনক। কার্যালয় হলে নেতা-কর্মীদের মধ্যে আরও বেশি আন্তরিকতা ও সখ্য থাকত। দলও হতো আরও বেশি গতিশীল।
সিলেট মহানগর আওয়ামী লীগের বাস্তবতা এমনই। ২০১২ সালের নভেম্বরে মহানগরের সর্বশেষ সম্মেলন হয়। ত্রিবার্ষিক ওই সম্মেলনে বদরউদ্দিন আহমদ কামরান সভাপতি ও আসাদ উদ্দীন আহমদ সাধারণ সম্পাদক হন। তবে ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটির মেয়াদ এক বছর আগেই শেষ হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, বিশেষ প্রয়োজনে নেতাদের দরকার পড়লে তাঁদের বাসায় যেতে হয়। আবার প্রায়ই দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত দলের প্রথম সারির নেতারা বাসায়ও থাকেন না। তখন সাধারণ কর্মী-সমর্থকেরা বাসায় গেলেও তাঁদের সাক্ষাৎ পান না। প্রায়ই মুঠোফোনে কর্মসূচি ঠিক করে রাজপথে তা পালন করা হয়। এর বাইরে প্রয়োজন অনুসারে আজ এখানে তো কাল ওখানে দলের বৈঠক হয়।
এই নেতার দাবি, প্রত্যক্ষ দূরত্ব না থাকলেও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব আছে। এখনো কমিটিতে সভাপতির একচেটিয়া নিয়ন্ত্রণ। তবে সাধারণ সম্পাদকও সাম্প্রতিক সময়ে নিজের অবস্থান শক্তিশালী করার অংশ হিসেবে দলীয় নেতাদের নিজের সঙ্গে ভেড়াতে চাইছেন।
দলীয় সূত্রগুলো বলছে, ২০০৩ সালে সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সভাপতি ও মিসবাহ উদ্দিন সিরাজকে (বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর নয় বছর পর ২০১২ সালের নভেম্বরে বর্তমান কমিটি গঠিত হয়। এই কমিটিও এক বছর ধরে মেয়াদোত্তীর্ণ। কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব ও অনুসারী তৈরি হচ্ছে না।
মহানগরের প্রথম ও মধ্যম সারির চারজন নেতা জানিয়েছেন, এরই মধ্যে নগরের ২৭ ওয়ার্ডের মধ্যে ২১টিতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে অন্য ওয়ার্ডগুলোতে সম্মেলন করা সম্ভব হয়নি। আগামী অক্টোবরে দলের কেন্দ্রীয় সম্মেলনের আগে এসব ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন করা হবে। কেন্দ্রীয় সম্মেলনের পর মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরেক নেতা জানিয়েছেন, দলের সবাই চাইলে অক্টোবরের আগেই মহানগরের সম্মেলন আয়োজন করা সম্ভব। সম্মেলনের সানাই সেভাবে না বাজলেও গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তবে দলের অপেক্ষাকৃত এক প্রবীণ সদস্য জানান, আবুল মাল আবদুল মুহিত সিলেটে আওয়ামী লীগের হাল ধরার পর থেকে মহানগরে সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন, তাতে তাঁর মতামত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত সম্মেলনেও তা-ই হয়েছিল।
যোগাযোগ করলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ বলেন, ‘কার্যালয় না থাকায় দলীয় কর্মকাণ্ড পরিচালনায় সমস্যা হচ্ছে ঠিকই, তবে সংগঠনকে গতিশীল রাখতে আমরা কার্যালয়ের বাইরে বিভিন্ন স্থানে বসে প্রায়ই সভা করছি। দলীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় কোনো জায়গা কিনে নিজস্ব কার্যালয় স্থাপন করা যায় কি না, সেটি আমরা ভেবে দেখছি।’ তিনি বলেন, অক্টোবরে কেন্দ্রীয় সম্মেলনের আগে মহানগরের সম্মেলন করা সম্ভব নয়।
মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান দলীয় কার্যালয় না থাকাকে লজ্জাজনক ও দুঃখজনক হিসেবে অভিহিত করে বলেন, ‘এত বড় একটি সংগঠনের কার্যালয় না থাকাটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। তবে মাঝেমধ্যে আমরা নগরের চালিবন্দর এলাকার ইব্রাহিম স্মৃতি সংসদে দলের সভা করে থাকি। এর বাইরে গুলশান সেন্টারেও দলের সভা করি। সচরাচর রাজনৈতিক দলগুলোকে কোনো ব্যক্তি বাসা ভাড়া দিতে চান না। তাই কার্যালয় স্থাপনের জন্য বাড়ি পাওয়া যাচ্ছে না।’