প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধন করে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার
উদ্যোগের প্রতিবাদে আবারও সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির
নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এর মধ্যে আজ বুধবার ঢাকার বাইরে সারা দেশে জেলা ও মহানগরে
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ এবং কাল বৃহস্পতিবার ঢাকা মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি রয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী
কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অভিশংসনের ক্ষমতা
জাতীয় সংসদের ওপর ন্যস্ত হলে জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ সম্ভাবনাটুকু বিলীন হয়ে যাবে।
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্বাধীন জোটের
শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।