আজ ও রবি-সোমবার জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতি, রবি ও সোমবার—এই তিন দিন দুই দফায় সারা দেশে হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রথম দফায় হরতাল দেওয়া হয়েছে। এরপর দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি রয়েছে। নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে হরতালের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন। একই বিবৃতিতে নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ও প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন নিজামী।
রায় ঘোষণার পরই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিলেটে সহিংস প্রতিক্রিয়া দেখিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এই তিন জেলাসহ আরও কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, রায়ের প্রতিবাদ জানাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দলের শতাধিক নেতা-কর্মী আহত ও তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে নিজামীর রায়ের পর জামায়াতের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে সরকারপক্ষের আনা অভিযোগগুলো সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক’।
জামায়াতের দুই নেতা দাবি করেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘মিথ্যা’ মামলা করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ তিনজন মুক্তিযোদ্ধা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেছেন, নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে তাঁদের দূরতম সম্পর্কও নেই। এর পরও নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় দেশবাসী বিস্মিত, হতবাক ও গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দলের সাবেক আমির গোলাম আযমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হবে। আর নিজামীর বিনা শর্তে মুক্তির দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বিক্ষোভ: নিজামীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে ও হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও রাজশাহীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছিলেন বেশি সহিংস। সেসব জায়গায় গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত।
এর আগে নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৬ জেলা থেকে সাড়ে ছয় শ ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে বগুড়ায় ২৮৬ জন, পাবনায় ৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, কুষ্টিয়ার ৪৯ জন, সাতক্ষীরায় ৪৯ জন, নোয়াখালীতে ৪৬ জন, ঝিনাইদহে ১৩ জন, চট্টগ্রামে ১৬ জন, নাটোরে পাঁচজন, সিরাজগঞ্জে চারজন, কক্সবাজারে চারজন, কুমিল্লায় তিনজন ও মুিন্সগঞ্জে দুজন। তাঁদের প্রায় সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। পরে তাঁদের অনেককেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল রায় ঘোষণার পরপরই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিল শেষে শিবগঞ্জ বাজার এলাকায় সমাবেশ চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। শুরু হয় দুপক্ষে সংঘর্ষ। পরে বিজিবি ও র্যাব পুলিশের সঙ্গে যোগ দেয়। পুলিশ ও বিজিবি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে আসাদ, লিটন আলী, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ও সাদিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা বৃষ্টির মতো ককটেল ছুড়ছিলেন। তখন বাধ্য হয়ে বিজিবিকে গুলি করতে হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া জেলার ভোলাহাট উপজেলায় পুলিশের রাবার বুলেটে একজন পথচারীসহ তিনজন আহত হন।
সিলেটে সংঘর্ষ হয়েছে ত্রিমুখী। প্রত্যক্ষদর্শীরা বলেন, রায় ঘোষণার পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট নগরের সুরমা পয়েন্ট থেকে একটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি কোর্ট পয়েন্টে এসে সমাবেশের প্রস্তুতি নেয়। এ সময় জামায়াত-শিবিরও মিছিল বের করে। মিছিলটি কোর্ট পয়েন্টের কাছে পৌঁছালে আওয়ামী লীগের সমাবেশ থেকে ধাওয়ার মুখে পড়ে। পরে জামায়াত-শিবিরের কর্মীরা পাল্টা আক্রমণ করেন। এ সময় জামায়াত-শিবির বন্দরবাজার ও মধুবন মার্কেটের সামনে অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগ ও পুলিশ একত্র হয়ে জামায়াত-শিবিরকে ধাওয়া করে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাজশাহীতে বেলা দুইটার দিকে নগরের কোর্ট স্টেশন মোড়ে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দেওয়াপাড়া মোড় থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া বগুড়া, লক্ষ্মীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। সন্ধ্যায় বগুড়ার সাতমাথা এলাকায় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থকেরা। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় জামায়াতের পৃথক দুটি মিছিলে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়ে সহায়তা করেছেন সিলেট, ঝিনাইদহ, সাতক্ষীরা, কক্সবাজার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া, পাবনা ও নোয়াখালী অফিস এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, সীতাকুণ্ড, দাউদকান্দি ও গুরুদাসপুর প্রতিনিধি}