আজ খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করছে বিএনপি
আজ ১৫ আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করছে বিএনপি। ১৯৪৫ সালে তিনি জন্মগ্রহণ করেন।
খালেদা জিয়ার এই জন্মদিন নিয়ে দেশের রাজনৈতকি অঙ্গনে বিতর্ক আছে। ১৯৭৫ সালের এই দিনে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে খালেদা জিয়া ও বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছেন আওয়ামী লীগের নেতারা।
অন্যান্যবারের মতো এবারও রাত ১২টা এক মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে দিনটি উদ্যাপন করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বগুড়া জেলা বিএনপি আজ ‘খালেদা জিয়ার জন্মোৎসব’ উদ্যাপন করবে। বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে এ ‘উৎসবে’ প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপি এ উপলক্ষে বগুড়ার বিভিন্ন জায়গায় ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জন্মোৎসবের পোস্টারও সাঁটিয়েছে।