আজ ঘটনাবহুল ৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঘটনাবহুল ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের ক্ষমতার পটপরিবর্তন ঘটে। ৩ নভেম্বর সেনাবাহিনীতে শুরু হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান। ওই রাতে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। এসব ঘটনাপ্রবাহের একপর্যায়ে বন্দী হন সে সময়ের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন তিনি। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা।
বিএনপি ৭ নভেম্বর দিনটিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। ১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে জাতীয়ভাবে পালন করা হতো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে আবারও তা বহাল করেছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই দিনে সরকারি ছুটি বাতিল ঘোষণা করে, যা এখন পর্যন্ত বহাল আছে।
দিনটি পালন উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিনটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি: ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি আজ শুক্রবার সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনটিকে সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষে দলটি আজ বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ আখ্যা দিয়ে আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। আজ আমরা মুক্তিযোদ্ধার সন্তান কালো পতাকা মিছিল ও সমাবেশ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধন কর্মসূচি পালন করবে।