আজ জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতিবছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে বিএনপি এ বছর ১০ দিনের কর্মসূচি পালন করছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার সকাল ছয়টায় কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দেবেন। কবর প্রাঙ্গণে ওলামা দলের আয়োজনে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়েছে। এরপর রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন খালেদা জিয়া।
এ ছাড়া ড্যাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করবে।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল এক বাণীতে বলেন, ‘জাতির চরম ক্রান্তিকালে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার বীরোচিত ঘোষণা, স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা এবং রাষ্ট্র গঠনে তাঁর অনন্য কীর্তির কথা আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ বাণীতে বলা হয়, জিয়াউর রহমানের শাসনামলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত হয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেন।