জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমদসহ নেতা-কর্মীদের ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আজ শনিবার ফরিদপুর জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল।
জেলা ছাত্রদলের ডাকা ভোর ছয়টা থেকে বেলা দুইটার হরতালে সমর্থন দিয়েছে জেলা যুবদল। এ ছাড়া কাল রোববার উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিলে এক সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদ হোসেন প্রমুখ।
গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদল ও যুবদল প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিলে পুলিশ লাঠিপেটা করে ছাত্রদলের সহসভাপতি মো. শামীউল হক তালুকদার ও যুগ্ম সম্পাদক সৈকত হাসানসহ তিন নেতা-কর্মীকে আটক করে। পরে থানায় গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, বৃহস্পতিবারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেছেন। এতে বৃহস্পতিবার আটক করা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল শুক্রবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছাত্রদলের ডাকা হরতালের প্রতি সমর্থন জানিয়ে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘বেনজীর শুধু জেলা ছাত্রদলের সভাপতিই নন। তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যানও। বৃহস্পতিবার ছাত্রদল-যুবদলের মিছিলে পুলিশ যে আচরণ করেছে সে ব্যাপারে নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ছাত্রদল আহূত হরতাল যৌক্তিক। এ হরতালের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’