আজ ফিরছেন খালেদা জিয়া, নিরাপত্তা নিয়ে বিএনপির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস পর আজ শনিবার বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল পাঁচটায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি গতকাল শুক্রবার খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করেছে বিএনপি।
গতকাল শুক্রবার বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে বলেন, আজ শনিবার বিকেল পাঁচটায় খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসাদুজ্জামান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দলের চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। খালেদা জিয়ার নিরাপত্তাব্যবস্থা ‘অপ্রতুল’ হওয়ায় তাঁর জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
দলীয় সূত্র জানায়, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। এ কারণে তাঁর দেশে ফেরার আগে প্রাথমিক পদক্ষেপ নিয়ে নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানাবে বিএনপি।
আলাদা এক বিবৃতিতে আসাদুজ্জামান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। ১৬ সেপ্টেম্বর লন্ডন পৌঁছান।