আজ বগুড়ায় বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতার মুক্তি এবং যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বগুড়া জেলাজুড়ে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি। জেলায় এই হরতাল আহ্বান করা হলেও বিএনপির পক্ষ থেকে বগুড়ার ওপর দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে কার্যত রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ১১ জেলা আধা বেলা বিচ্ছিন্ন থাকবে।
বুধবার রাতে জেলা বিএনপির জরুরি বৈঠক শেষে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। একই সঙ্গে ২৩ ডিসেম্বরের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে ২৪ ডিসেম্বর থেকে ‘বগুড়া অচল’ কর্মসূচিরও হুমকি দেন তিনি।
গত ৩ সেপ্টেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান। ওই মামলায় ১১ ডিসেম্বর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে যান সাতজন নেতা। আদালত জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের জামিন মঞ্জুর করে অবশিষ্ট পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই পাঁচ নেতা হলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম, ছাত্রদলের সহসভাপতি হাসানুজ্জামান পলাশ ও জেলা স্বর্ণশ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির মো. মিঠু।