আজ বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ
আজ সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বিকেলে এই সমাবেশ আয়োজন করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছিল বিএনপি। তাতে খালেদা জিয়া ছিলেন না। এ বছর বিএনপি রাজধানীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারেনি। দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে চলতি বছরের ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তার আগেই গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। ৫ জানুয়ারি তিনি বের হতে না পেরে লাগাতার অবরোধ ঘোষণা করেন। টানা তিন মাস পর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি থেকে সরে আসে বিএনপি।
চলতি বছরের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দল-সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে টানা কয়েক দিন প্রচারে নেমেছিলেন খালেদা জিয়া। গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য দেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে টানা দুই মাসের বেশি সময় তিনি লন্ডনে ছিলেন। লন্ডন থেকে ফেরার পর আজকের সমাবেশই হবে কার্যালয়ের বাইরে খালেদা জিয়ার কোনো কর্মসূচি।