আজ বিএমএ নির্বাচন, তবে ভোটারদের আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বর্জনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) একতরফা নির্বাচন হচ্ছে। ‘প্রায় নির্ধারিত’ ফলাফলের কারণে নির্বাচন নিয়ে চিকিৎসকদের মধ্যে আগ্রহ কম দেখা গেছে।

পেশাজীবী চিকিৎসকদের জাতীয় প্রতিষ্ঠান বিএমএর নির্বাচনে ৩৬ হাজার ৬৯১ জন চিকিৎসক ঢাকাসহ দেশের ৬৭টি কেন্দ্রে ভোট দেবেন। আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএমএর কেন্দ্রীয় কমিটির ৪২টি পদেই প্রার্থী দিয়েছে। চিকিৎসক-সমাজে আলোচনা চলছে—স্বাচিপ জিতবে। বামপন্থী চিকিৎসকদের একটি অংশের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট প্রার্থী দিয়েছে ২১টি পদে। একাধিক বামপন্থী চিকিৎসক বলেছেন, শুধু নিয়ম রক্ষার জন্য তাঁরা প্রার্থী দিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের মহাসচিব পদপ্রার্থী শাকিল আখতার নির্বাচনে জেতার ব্যাপারে বলেন, ‘জয়ের ব্যাপারটি শুভবুদ্ধির ওপর ছেড়ে দিয়েছি। আশা করি, ভোটাররা আমাদের বক্তব্যের গুরুত্ব দেবেন।’ সংগঠনটির সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বলেন, চিকিৎসকদের স্বার্থ রক্ষার চেয়ে বিএমএ এখন বদলি-পদায়ন নিয়ে ব্যস্ত। এ অবস্থার পরিবর্তন দরকার। তাঁদের প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ফজলুর রহমান।

বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এই নির্বাচন বর্জন করেছে। এ ব্যাপারে ড্যাবের মহাসচিব ও বিএমএর সাবেক মহাসিচব এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। অংশ নিয়ে নির্বাচনকে বৈধতা দেওয়ার অর্থ হয় না। তাই নির্বাচন বর্জন করেছি।’ তিনি অভিযোগ করে বলেন, সর্বশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সেই নির্বাচনে যিনি সদস্যসচিব ছিলেন, তাঁকে এবার প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

স্বাচিপের ‘ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী’ প্যানেল সব পদে প্রার্থী দিয়েছে। ইতিমধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বাচিপের সভাপতি, মহাসচিব, সংগঠনিক সম্পাদক—কেউই এ নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার অনুমতি পাননি। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী নেত্রী শেখ হাসিনা ঠিক করে দিয়েছেন। বাকি পদগুলোর প্রার্থী তালিকাও তিনি দেখেছেন। চট্টগ্রামে বিএমএ নির্বাচনে স্বাচিপের দুই পক্ষকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির।

মহাসচিব পদে নির্বাচন করার ইচ্ছা ছিল, স্বাচিপের এমন তিন নেতা সদস্যপদে দাঁড়িয়েছেন। সরকারি দলের সমর্থক একজন বিশেষজ্ঞ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁর ভাষায়, নেত্রীর সিদ্ধান্তে অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে।

গতকালের সংবাদ সম্মেলনে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অভিযোগ করেছে, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জায়গায় তাদের ব্যানার নামিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে বিএমএর গঠনতন্ত্র লঙ্ঘন করে স্বাচিপের একাধিক প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পায়নি।

‘রাজনীতি যার যার, বিএমএ সবার’ এই স্লোগান নিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল। জয়ের ব্যাপারে নিশ্চিত মোস্তফা জালাল মহিউদ্দিন-মো. ইহতেশামুল হক চৌধুরী প্যানেলের মহাসচিব পদপ্রার্থী ইহতেশামুল হক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা দেশ ঘুরেছি। আমাদের বিরুদ্ধে যাঁরা নির্বাচন করছেন, আমরা তাঁদের মাঠে দেখিনি।’