
প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, প্রতীকই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থীর ভাগ্য ঠিক করবে। এমনটাই মনে করছে আওয়ামী লীগ ও বিএনপি। এ জন্য দুই দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই নির্বাচনকে দলের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। নতুন নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন মানুষের আস্থা ফেরানোর সুযোগ।
এসব হিসাব-নিকাশের এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আজ বৃহস্পতিবার। প্রার্থী ও স্থানীয় ভোটাররাও মনে করছেন, মেয়র পদে লড়াই হবে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। আওয়ামী লীগ চায় এই নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয়তা প্রমাণ করতে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন করে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ দিতে চায় না। অন্যদিকে বিএনপি মনে করছে, ভোট সুষ্ঠু হলে তাদের জনপ্রিয়তা প্রমাণিত হবে। সুষ্ঠু না হলেও তারা লাভ দেখছে। কারণ, এতে নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো হবে।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তিনি কুমিল্লার আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে। ২০১২ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আফজল খান বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে হেরে যান। এবারও বিএনপির প্রার্থী মনিরুল হক। এর বাইরে মেয়র পদে শিরিন আক্তার (জেএসডি) ও মামুনুর রশীদ (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের পর তাদের অধীনে এটাই প্রথম সিটি নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা ২৫ মার্চ কুমিল্লা এসেছিলেন। সে সময় তিনি বলেছেন, ‘দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে কুমিল্লার এই নির্বাচন।’ এর আগে ঢাকায় তিনি বলেছেন, কুমিল্লার নির্বাচনের মাধ্যমে আস্থা ফিরবে।
গতকাল বুধবার সিইসি প্রথম আলোকে বলেন, ‘সব প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ফাঁক রাখা হয়নি। নির্বাচন সম্পন্ন হলে মানুষ দেখতে পাবে।’ নির্বাচনের সব সরঞ্জাম গতকাল ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।
জনপ্রিয়তা প্রমাণে দুই দল
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, দল জাতীয় সংসদ নির্বাচনে নেমে গেছে। এ অবস্থায় কুমিল্লা সিটি নির্বাচন দলের জনপ্রিয়তা যাচাইয়ের একটা বড় উপলক্ষ হয়ে উঠেছে। তাই এই নির্বাচনকে তারা বেশ গুরুত্ব দিয়েছে। এ জন্য দলের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে সমন্বয়কের দায়িত্ব দিয়ে অনেক আগে থেকে কুমিল্লা পাঠানো হয়েছে। এর বাইরে প্রচারণা ও কৌশল ঠিক করতে ২৭ জন কেন্দ্রীয় নেতাকে ২৭টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনী প্রচারণায় থাকা দুজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সেখানে প্রতীকের চেয়ে ব্যক্তি সেলিনা হায়াৎ আইভী মূল পার্থক্য গড়ে দেন। কিন্তু কুমিল্লায় আওয়ামী লীগের প্রার্থীর পারিবারিক ঐতিহ্য থাকলেও স্বাতন্ত্র্য ইমেজ নেই। ফলে এখানে দলীয় প্রতীকই মূল ভরসা।
সূত্র বলেছে, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল মন্ত্রী হিসেবে নির্বাচনী এলাকায় আসতে পারেন না। তিনি সদর দক্ষিণে নিজ বাড়িতে অবস্থান করে খোঁজখবর রাখছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হোক—এটাই আমাদের চাওয়া। সে ক্ষেত্রে হারজিত মেনে নেব।’ তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে এই সিটি নির্বাচনে জয়ী হওয়ার জন্য দল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এখানে নৌকা ও ধানের শীষের লড়াই হবে।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরাও কুমিল্লার নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে বিএনপি এবং ২০-দলীয় জোটের পক্ষ থেকে আলাদা টিম করে পাঠানো হয় কুমিল্লায়। বিএনপি মনে করছে, কুমিল্লায় বিএনপির ভোট বেশি। প্রার্থী হিসেবে মনিরুল অভিজ্ঞ। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জয়ী হবে। তাতে দলের জনপ্রিয়তা প্রমাণের পাশাপাশি সরকারের ওপর জনগণের ‘অনাস্থা’ প্রমাণ করা যাবে। বিএনপির নেতারা এ-ও বলছেন, নির্বাচন সুষ্ঠু না হলেও বিএনপির এক ধরনের লাভ আছে। নতুন নির্বাচন কমিশনকে তারা সরকারের আজ্ঞাবহ বলে আসছে। নির্বাচন সুষ্ঠু না হলে এই বক্তব্যের সত্যতা প্রমাণ হবে। পাশাপাশি একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আরও জোরালো হবে।
অবশ্য বিএনপি মনে করছে, নতুন কমিশন তাদের অধীনে প্রথম সিটি নির্বাচনে কালিমা নিতে চাইবে না। এ জন্য নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে। তবে তাদের আশঙ্কা, বাইরে পরিবেশ ঠিক রেখে ভেতরে কোনো কারচুপি হয় কি না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারের সমন্বয়কারী নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা দেখার অপেক্ষায় আছি। ভোট হলে বোঝা যাবে নির্বাচন কমিশনের কথার সঙ্গে কাজের কতটুকু সামঞ্জস্য থাকে।’ তিনি বলেন, বিএনপির প্রার্থী বহুদিন ধরে জনপ্রতিনিধি। তাঁর একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। এর পাশাপাশি প্রতীকও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনের পরিবেশ
ভোট উপলক্ষে কুমিল্লায় প্রচুর পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করেছে বিজিবি।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ভোটের আগের দিনও বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির একটি দল গতকাল নির্বাচন কমিশনে গিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তার বিষয়ে আপত্তি জানালে পুলিশে কিছু রদবদল করা হয়েছে। বিএনপি বলেছে, এটাকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। তবে কুমিল্লা সদর দক্ষিণের নয়টি ওয়ার্ড নিয়ে তারা চিন্তিত।
জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। নির্বাচন কমিশন থেকে ৩৫ জন সন্ত্রাসীর নামের তালিকা দেওয়া হয়েছে। তাঁদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হচ্ছে না।
ঢাকায় চাকরি করেন এ কে এম শরিফুল ইসলাম। গতকাল কুমিল্লা এসেছেন ভোট দিতে। তিনি বলেন, এখানে নির্বাচন হবে নৌকা আর ধানের শীষের। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালোই। নতুন কমিশনের জন্য এটা অগ্নিপরীক্ষা।
শহরের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সব সময় সরকার বলে ভালো নির্বাচন হবে। এবার কী হয়, দেখার অপেক্ষায় আছেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি ভালো। কমিশন কথা রাখতে পারবে কি না, তা ভোটের পরই দেখা যাবে।