আজ মানিকগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন
এক যুগ পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার হতে যাচ্ছে। সম্মেলনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে। ওই সম্মেলনে দলীয় প্রতিনিধিদের (কাউন্সিলর) ভোটে গোলাম মহিউদ্দিন সভাপতি ও গাজী কামরুল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের নিয়ম অনুসারে তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা এক যুগেও হয়নি। অবশেষে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জেলা সম্মেলন সফল করতে ইতিমধ্যে জেলার ৬৫টি ইউনিয়ন, সাতটি উপজেলা ও একটি পৌরসভার সম্মেলন করা হয়েছে। শিবালয়, দৌলতপুর, ঘিওর ও সিঙ্গাইরে সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হরিরামপুর, মানিকগঞ্জ পৌরসভা, সাটুরিয়া ও সদর উপজেলা সম্মেলনে ভোট গ্রহণ ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি গোলাম মহিউদ্দিন ও যুগ্ম সম্পাদক আবদুল মজিদ এবার সভাপতি পদে এবং বর্তমান সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, জেলা কমিটির সহসভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, সহসভাপতি হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান এবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।