দলের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। দলটি রায়ের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
গতকাল মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে রায়ের প্রতিক্রিয়া জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। হরতালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র-সংশ্লিষ্ট পরিবহন আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির দাবি করেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে আনীত সরকারের অভিযোগের সঙ্গে তাঁর ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সরকারপক্ষ আদালতে যেসব প্রমাণ দাখিল করেছে, তাতে মীর কাসেম আলীর নাম নেই। অভিযোগে ঘটনার স্থান, সময় এবং যে তারিখ উল্লেখ করা হয়েছে, সরকারের দাখিল করা কাগজপত্র অনুযায়ী ওই সময়ে কাসেম আলী ওই স্থানে ছিলেন না। তিনি তখন ঢাকায় ছিলেন।
বিবৃতিতে দাবি করা হয়, সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। এরপর দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দিইয়ে তাঁকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।
পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান অভিযোগ করেন, হরতালের সমর্থনে গতকাল বিভিন্ন স্থানে জামায়াতের মিছিলে হামলা হয়েছে। পুলিশের লাঠিপেটা ও গুলিতে ঢাকা মহানগরে জামায়াতের সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।