আজ সাভারে ঢাকা জেলা আ.লীগের সম্মেলন
প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ঢাকার কাছে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ওই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ঢাকার ধামরাইয়ের সাবেক সাংসদ বেনজির আহাম্মেদ আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন দোহারের বাসিন্দা মাহবুবুর রহমান।
এবারের সম্মেলনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি বেনজির আহম্মেদ ও সহসভাপতি আশরাফ উদ্দিন খান। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী।
এবারের নির্বাচনে ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থেকে ৩৫০ জন প্রতিনিধি (কাউন্সিলর) ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাভারে কাউন্সিলরের সংখ্যা সবচেয়ে বেশি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ উদ্দিন খান বলেন, এবারের সম্মেলনে ভোটের মাধ্যমেই নেতা নির্বাচনের সম্ভাবনা বেশি। সমঝোতার বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো নির্দেশনা বা পরামর্শ পাওয়া যায়নি।
মাসুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পদগুলো সমঝোতার ভিত্তিতে পূরণ হতে পারে।