আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দেশের সব মহানগরের থানায় থানায় এবং জেলাগুলোতে এই কর্মসূচি পালন করা হবে।

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের অনুমতি না পাওয়ায় পূর্বঘোষিত এ সমাবেশ করতে পারেনি দলটি।

অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘অবৈধ’ সরকার গণতন্ত্রের কোনো জায়গা রাখছে না। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। এর পরিণতি অতীতেও ভালো হয়নি, এখনো ভালো হবে না। তিনি বলেন, রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির অনুমতির ক্ষেত্রে দ্বৈতনীতি অবলম্বন করা হচ্ছে। আওয়ামী লীগ ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। তাদের জন্য অনুমতি লাগে না।

সরকারের পাশাপাশি পুলিশের কর্মকর্তাদেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, ‘গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে। পুলিশ এখন রাজনৈতিক নেতাদের ভাষায় কথা বলে।’ তিনি বলেন, সরকার পুলিশ ও র‌্যাবের ওপর ভর করে দেশ চালাচ্ছে।

৭ নভেম্বরকে অস্বীকার করা বাংলাদেশকে অস্বীকার করার শামিল বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ওই দিন নতুন করে গণতন্ত্রের জন্ম হয়েছিল। যারা এ দিনটি পালন করে না বা পালন করতে দেয় না, তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মীর জাফর বলায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ৩০ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল। ইনু তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সরকার এভাবে বাধা দিতে থাকলে একদিন বাঁধ ভেঙে যাবে।