আজ হোক, কাল হোক জঙ্গিবাদের পতন হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ বাংলাদেশের রাজনীতিতে ‘খলনায়ক’ হিসেবে আবির্ভূত হয়েছে। আজ হোক, কাল হোক—জঙ্গিবাদের পতন হবেই। তাই সাহসের সঙ্গে জঙ্গিবাদকে মোকাবিলা করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাট্যসংগঠন অধুনা থিয়েটারের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা পৌনে সাতটায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।
অধুনা থিয়েটারের সহসভাপতি নাজনীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনীতিবিদ মফিজুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, বীরচন্দ্রনগর গণপাঠাগার ও নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আরএফএল কোম্পানির হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, ধ্রুবতারা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক ও কুমিল্লা সংস্কৃতি উৎসবের পরিচালক মনজুরুল আজিম।
জাসদের সভাপতি আরও বলেন, বাংলাদেশ তিনটি দাগের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন। যারা এ তিনটি দাগকে স্বীকার করবে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা অস্বীকার করবে তারা পতিত হবে।
হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধের মাঠ থেকে রাজনীতির মাঠে ফিরে এসেছি। এখানে জঙ্গিবাদের আতঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করছি। রাজনীতিবিদেরা যুদ্ধের মধ্যে যখন হোঁচট খায়, আপস করে তখন সংস্কৃতিকর্মীরা দেশকে সামনের দিকে টেনে নিয়ে যায়। সংস্কৃতিকর্মীরা অতীতে অন্যায়ের কাছে মাথা নত করেনি, বর্তমানেও করবে না। ভবিষ্যতেও একই পথে থাকবে।’
পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে লোকনাট্য দল ঢাকার নাটক কঞ্জুস মঞ্চস্থ হয়।