আজ ১৩ জেলায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনার মধ্য দিয়ে গতকাল সোমবার রাজশাহী বিভাগের সব জেলায় দ্বিতীয় দিনের মতো এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়, রাজবাড়ী ও ভোলা জেলায় হরতাল পালন করেছে বিএনপি। আজ মঙ্গলবার তৃতীয় দিনে রাজশাহী জেলায় সকাল-সন্ধ্যা, চট্টগ্রাম বিভাগের সব জেলা এবং ফরিদপুর ও কালিয়াকৈরে হরতাল ডাকা হয়েছে।
চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে সারা দেশে বিএনপির কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞা, পুলিশের অত্যাচার, গুলি করে মানুষ হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন ও নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এসব স্থানে হরতাল ডাকা হয়।
রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে নওগাঁ ও বগুড়া বাদে সব জেলার হরতাল পরিস্থিতি ছিল স্বাভাবিক।
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে রোববার রাতে হরতাল-সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ এসে ছয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাইদুল ইসলাম বাদী হয়ে এজাহারভুক্ত ২৫ জন ছাড়াও অজ্ঞাত প্রায় ১৫০ জনকে আসামি করে কালাই থানায় ওই রাতেই মামলা করেন। মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার জয়পুরহাটে আবার হরতাল ডেকেছে বিএনপি।
বগুড়ার মাটিডালি এলাকায় গতকাল ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ তৎক্ষণাৎ এসে আগুন নিভিয়ে ফেলে। এর আধা ঘণ্টা আগে শহরের নিশিন্দারা এলাকায় একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। নন্দীগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারার অভিযোগে একজনসহ বগুড়া থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও যৌথ বাহিনী।
রাজবাড়ীতে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে শহরের বড়পুলে একটি বাসে আগুন লাগাতে গিয়ে পুলিশের হাতে জামিল নামে এক তরুণকে আটক করা হয়। অন্যরা হলো বাচ্চু ব্যাপারী, আজহার চৌধুরী, শাহাদত, সোহেল ও হিরা।
জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে রাজশাহী জেলা বিএনপি। ফরিদপুরের নেতাদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; বগুড়া, ফরিদপুর অফিস, রাজবাড়ী ও ভোলা প্রতিনিধি)