আজ ২০-দলীয় জোটের কালো পতাকা মিছিল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার কথা রয়েছে। ঢাকার বাইরে সব মহানগর এবং জেলা সদরেও এই কর্মসূচি পালন করবে ২০-দলীয় জোট।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই কর্মসূচি সফল করার জন্য সারা দেশে ‘ব্যাপক’ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকায় কর্মসূচির জন্য অনুমতি চেয়ে মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।
গতরাতে রিজভী প্রথম আলোকে জানান, তাদের কর্মসূচি পালনের জন্য পুলিশ মৌখিকভাবে অনুমতি দিয়েছে।
ঈদের পর বিএনপির নেতৃত্বাধীন জোটের এটাই প্রথম কর্মসূচি। এরপর জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট রাজধানীসহ সারা দেশে সমাবেশের কর্মসূচি রয়েছে।