আজকের ভিত্তি গড়েছিলেন বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীজ বপন করেছিলেন। কিন্তু ফল পাওয়ার জন্য যে সময়ের দরকার ছিল, তা তিনি পাননি। আজকের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতের যে উন্নয়ন, যে অর্থনৈতিক অগ্রগতি, তার ভিত্তি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর ওই আমলে।

গতকাল মঙ্গলবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘ফেয়ার সিড-টাইম: বাংলাদেশ ইন দ্য ইয়ার অব ১৯৭২-১৯৭৫’ শীর্ষক এক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এসব কথা বলেন। বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট ফান্ড বক্তৃতার অংশ হিসেবে এর আয়োজন করে এশিয়াটিক সোসাইটি।

মনজুরুল ইসলামের বক্তৃতায় বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা, খাদ্যসংকট, বাকশাল গঠন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতিসহ অনেক বিষয় স্থান পায়।

মনজুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে দেশে ফিরে এসেই দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। ওই বছরের ২৫ জানুয়ারি ও ২৬ মার্চের ভাষণে এর রোডম্যাপও তুলে ধরেন তিনি। এর মধ্যে দুর্নীতি প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িকতা সমুন্নত রাখার কথা বলেছিলেন। সেবার মনোভাব নিয়ে দেশের শাসনকাঠামো পুনর্গঠন ও স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধের ডাক ছিল তাঁর রোডম্যাপে।

আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেওয়া পদক্ষেপের কথা বলতে গিয়ে মনজুরুল ইসলাম বলেন, দুই দশক ধরে দেশে ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। সামাজিক সূচকের অনেকগুলোতেই ভারত থেকে বাংলাদেশ এগিয়ে। এর ভিত্তি বঙ্গবন্ধুর নেওয়া বেশ কিছু পদক্ষেপ। জাতির পিতা ওই সময় ১০টি করপোরেশন তৈরি করেন। পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা করা হয়। সারে ভর্তুকিসহ বেশ কিছু কৃষিবান্ধব উদ্যোগ নেওয়া হয়। এখন যে বেসরকারি সংস্থার (এনজিও) উত্থান, এর শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর আমলেই।

স্বাধীনতা-পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু সমালোচনা ও উপাখ্যান তৈরি হয়েছিল উল্লেখ করে মনজুরুল ইসলাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কালে বেশ কিছু ব্যর্থতা ও দুর্বলতা সহজেই বের করা যায়। এ সময় সীমাহীন দুর্নীতি, কালোবাজারি ও খাদ্যের মজুদদারি প্রকট হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতিশীল ছিল। বাম ঘরানার কিছু চরমপন্থার উত্থানে সংঘাত, খুন ও অপহরণ বেড়ে যায়। স্বাধীনতাবিরোধী শক্তিও সংঘটিত হতে শুরু করে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন। মনজুরুল ইসলাম এই বক্তৃতা দেওয়ার পর মতামত প্রকাশ করেন দর্শক সারিতে থাকা কয়েকজন।

এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলেই ১৯৭২ সালে দলের পদ ছেড়ে দিয়েছিলেন। যখন বাকশাল গঠন করেন, তখন এর বিকল্প আর কিছু ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আখতারুজ্জামান বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাঁর শাসনামলে উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন, এখন ফল পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি লেকচার ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক বজলুল হক।