আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মিয়া। তিনি ২৬ হাজার ৭৫৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মিছবাহ উদ্দিন ভূঞা পেয়েছেন ১৯ হাজার ৮৪০ ভোট এবং বিএনপির প্রার্থী সাইদুল আমিন চৌধুরী পান ৬০৮ ভোট।
বুধবার রাত আটটায় বেসরকারিভাবে ভোটের এ ফলাফল ঘোষণা করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও আজমিরীগঞ্জ উপজেলা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মিছবাহ উদ্দিন ভূঞা, বিএনপির প্রার্থী সাইদুল আমীন চৌধুরী ও প্রয়াত চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে মো. আলাউদ্দিন মিয়া।
বিএনপির নেতা-কর্মীরা নিজেদের প্রার্থী ছেড়ে সরাসরি সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মিয়াকে। ফলে রাতারাতি পাল্টে যায় এ উপজেলার নির্বাচনী হাওয়া। বিএনপি নেতা-কর্মীদের দাবি আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকাতে গিয়ে তাঁরা এ পথ বেছে নিয়েছেন।
তবে বিএনপির প্রার্থী সাইদুল আমীন চৌধুরী বলেন, তাঁর দলের নেতা-কর্মীরা টাকার বিনিময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম ফারুকের নেতৃত্বে তাঁর দলীয় নেতা-কর্মীরা গতকাল নির্বাচনে সরাসরি কাজ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মিয়ার পক্ষে। এমনকি তিনি তাঁর ৪৪ কেন্দ্রে যাঁদের দলীয় এজেন্ট দিয়েছিলেন, তাঁরাও নিজেদের দায়িত্ব পালন না করে সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
সাইদুল আমীন চৌধুরী বলেন, ভোটের এক দিন আগে নৌকা ঠেকাও আওয়াজ দিয়ে টাকার বিনিময়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁর দলীয় নেতা-কর্মীরা। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে আজমিরীগঞ্জ বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক বলেন, টাকার বিনিময়ে নয়। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়া হয়েছে নৌকা ঠেকানোর জন্য। এ ছাড়া আলাউদ্দিন প্রয়াত চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে তাঁর প্রতি এলাকাবাসীর আলাদা আবেগ কাজ করেছে।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতর আলী মিয়া গত ৩১ মে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ১৮ জুন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের উপজেলা সভাপতি মিছবাহ উদ্দিন ভূঞার সমর্থকদের সঙ্গে প্রয়াত চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে আল আমিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আল আমিন প্রাণ হারান। এ ঘটনায় মিছবাহ উদ্দিন ভূঞাসহ ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ভাই আলাউদ্দিন মিয়া (জয়ী চেয়ারম্যান)। এ মামলায় মিছবাহ উদ্দিন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নির্বাচন করেন।