আজিজুল ইসলামকে সভাপতি, জাবিরকে সম্পাদক ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নীলফামারী জেলা শাখার সম্মেলন গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য রফিক উদ-দৌলা চান গতকাল দুপুরে এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে আজিজুল ইসলামকে সভাপতি, মো. জাবির হোসেন প্রামাণিককে সাধারণ সম্পাদক ও শামসুদ্দোহাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
জাসদের জেলা শাখা সূত্রে জানা গেছে, গতকাল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাংগা, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমরান আল আমিন। পরে প্রধান অতিথি ওই ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।
নাজমুল হক বলেন, জঙ্গিবাদ চিরতরে নিশ্চিহ্ন করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য বিস্তৃত করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।