আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কে এম মোজাম্মেল হককে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক বছর মেয়াদি এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় নতুন কমিটির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নাইমুর রাজ্জাক বলেন, আপাতত দুই সদস্যবিশিষ্ট সরকারি আজিজুল হক কলেজ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে ওই কমিটির সভাপতি বেনজির আহমেদকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

রিকশাভাড়া নিয়ে বিতণ্ডার জেরে গত ২৯ সেপ্টেম্বর আজিজুল হক কলেজের পুরাতন ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে খুন হন কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। ওই ঘটনার পরপরই পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের সহযোগিতার অভিযোগ এনে ছাত্রলীগ শহরে প্রতিবাদ মিছিল বের করে সড়ক অবরোধ করে। এ সময় কলেজের নতুন ভবনের সামনে কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজিরের হাতে লাঞ্ছিত হন শহরের স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মামুন। মারধর ও ছুরিকাহত করা হয় যুবলীগের দুই নেতাকে।

এ ঘটনায় বেনজিরকে প্রধান আসামি করে দায়িত্ব পালনে বাধাদান, পুলিশের ওপর আক্রমণ ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ এনে ১ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ। পরে হামলার শিকার যুবলীগের এক নেতা বাদী হয়ে বেনজিরকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলার পর থেকেই বেনজির পলাতক।

অন্যদিকে ইব্রাহীম হত্যার ঘটনায় ৩০ সেপ্টেম্বর তাঁর চাচা হারুনুর রশিদ বাদী হয়ে যুবলীগ নেতা নুরুল ইসলামকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় পৃথক একটি হত্যা মামলা করেন।

জেলা ছাত্রলীগ সূত্র জানিয়েছে, এসব বিষয় নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত দল বগুড়ায় আসে। তদন্ত শেষে ঢাকায় ফিরে ওই তদন্ত দল আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া ও সভাপতি বেনজিরকে বহিষ্কারের সুপারিশ করে। এরপর গত মঙ্গলবার ওই কমিটি ভেঙে দেওয়া হয় এবং বেনজিরকে বহিষ্কার করা হয়।