জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ছয় বছর পর শুক্রবার রাতে পৌরসভার মাহমুদা সালাম মহিলা কলেজে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়।
সর্বশেষ ২০০৯ সালে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন হয়।
সম্মেলন উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম জলিল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম।
আরও বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির প্রমুখ।
সম্মেলন শেষে আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।