আজীবন শেখ হাসিনাকে সভাপতি চান কাউন্সিলররা
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু সভানেত্রী এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে গুরুত্বপূর্ণ পদে আনার দাবি জানিয়েছেন দলটির কাউন্সিলররা। তাঁদের মতে, দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে প্রধানমন্ত্রীর আজীবন দলের সভানেত্রী থাকা উচিত। আর দলে প্রযুক্তিগত জ্ঞানের সমন্বয় ঘটাতে জয়ের মতো তরুণকে দেখতে চান তাঁরা।
কাউন্সিল অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ ২১ জনের নাম ঘোষণা করলেও সেখানে জয়কে কোনো পদে রাখা হয়নি। তবে এখনো ৬০টি পদ ঘোষণা বাকি রয়েছে। কাউন্সিলরদের দাবির মুখে জয়কে সেখানে কোনো পদে রাখা হবে কি না, তা আজ রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সকাল ১০টার কিছু পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংলগ্ন রাস্তা, সোহরাওয়ার্দী উদ্যানে ছিল ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মীরা দিনভর সম্মেলন উপলক্ষে বর্ণিলভাবে সজ্জিত সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ছবি এবং সেলফি তোলেন।
রংপুর জেলা সভাপতি রেজাউল করিমের বক্তব্যের মধ্যে দিয়ে কাউন্সিল অধিবেশনের শুরু হয়। সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে আনার দাবি জানিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘জয় আমাদের ভবিষ্যৎ নেতা। আশা করব, তাঁকে যোগ্য নেতৃত্বে আসীন করা হবে।’ চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন বলেন, ‘জয় তারুণ্যের প্রতীক। কয়েক দিন আগে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তাঁকে চট্টগ্রামে নিয়ে আমরা ব্যাপক সংবর্ধনা দেব।’ আর গঠনতন্ত্র সংশোধন করে প্রধানমন্ত্রীকে আজীবন সভানেত্রী রাখার দাবি তোলেন মমতাজুল ইসলাম।
মুন্সিগঞ্জের জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কণ্ঠেও ছিল জয়ের স্তুতি। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি কথোপকথনের সূত্র ধরে তিনি বলেন, ‘আমি নেত্রীকে বলেছিলাম, জয় ভবিষ্যতে আমাদের দেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু নেত্রী আমার কথা আমলে নেননি। আমি বলতে চাই, এখন আমরা জননেত্রীর কর্মী, ভবিষ্যতে আমরা জয়ের কর্মী।’
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নেত্রী, আপনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে আপনাকে নেতৃত্বে থাকতে হবে।’ কামরুল আহসানকে বক্তব্যের সুযোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদকে উদ্দেশ করে বলেন, ‘কিশোরগঞ্জের সভাপতি ছিলেন আবদুল হামিদ সাহেব। আমরা এখানে বসে কাউন্সিল করছি, তিনি বঙ্গভবনে আছেন। সেখানে নাকি তাঁর বন্দী বন্দী লাগে।’ এ সময় কাউন্সিলররা সবাই হেসে ওঠেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল বলেন, ‘জয় উচ্চ শিক্ষিত, তিনি হাওয়া ভবন সৃষ্টি করেননি। জয় তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চান। জয়কে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন।’
দীর্ঘদিন পর দলের সভানেত্রীর সামনে বক্তব্য দিতে পারে নিজেদের সমস্যাও তুলে ধরেন কেউ কেউ। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘নেত্রী, আপনার ভবনে ঢুকতে পাস লাগে। দূর থেকে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। জেলা সভাপতি-সাধারণ সম্পাদকদের যেন পাস না লাগে, আশা করি সেই ব্যবস্থা করবেন।’ জয়কে গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়ে তিনি বক্তব্য দিতে গেলে তাঁকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ও তো আমার উপদেষ্টা। এখনই গুরুত্বপূর্ণ পদে আছে।’ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতিও গণভবনে ঢুকতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পাস নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে দেখার অনুরোধ করেন।
কাউন্সিলরদের আসনে বসা জয়কে উদ্দেশ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান বলেন, ‘আমাদের বয়স হচ্ছে। তরুণদের নেতৃত্বে আসতে হবে। তরুণেরাই আগামী দিনের কারিগর।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিতে জনগণের কাছে যেতে বলেছেন, কর্মীবান্ধব হতে বলেছেন। যদি এটা করি, তাহলে আমাদের জয়ী হওয়া সম্ভব হবে।’ এরপর তিনি ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...’ কান্নাজড়িত কণ্ঠে গানটি গেয়ে শোনান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সজীব ওয়াজেদ জয়কে প্রতিটি আসনে প্রচারে যাওয়ার দাবি তোলেন।
ফেনী জেলার সভাপতি আবদুর রহমান বলেন, ‘ফেনীকে বলা হতো খালেদা জিয়ার জেলা, বিএনপির ঘাঁটি। ইনশা আল্লাহ সেই বদনাম ঘোচাতে সক্ষম হয়েছি।’
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান প্রধানমন্ত্রীকে সংকটময় সময়ের নেতা বলে অভিহিত করেন। তিনি বলেন, বাঙালি জাতি রাষ্ট্র গঠনে আপনার দায়িত্ব শেষ হয়নি। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সংকট মোকাবিলায় আপনার বিকল্প নেই।
ভোলা জেলার সভাপতি ফজলুল হক বঙ্গবন্ধুর নামে ‘জাতীয় চেয়ার’ ও ‘স্বর্ণপদক’ প্রবর্তনের দাবি করেন।
মাগুরা জেলা সভাপতি পঙ্কজ কুমার কুণ্ডু তাঁর জেলায় রেলপথ না থাকার বিষয়টি তোলেন। এ সময় প্রধানমন্ত্রী ‘রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম’ আবৃত্তি করলে অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়।
দলের বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করার বিষয় নিয়ে কথা বলেন যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন, তাঁদের কঠোর শাস্তি দিতে হবে। যেন তাঁরা আর কখনো বিদ্রোহী প্রার্থী না হন।’
বেলা সাড়ে তিনটা পর্যন্ত তৃণমূলের এসব নেতা বক্তব্য দেন। বক্তব্য পর্বের সমাপ্তি টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি, পরে একসময় বর্ধিত সভা ডেকে তাঁদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেব।’
কাউন্সিলের বক্তৃতা পর্বে গাইবান্ধা জেলার সভাপতি সৈয়দ শামসুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।