
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে দুটি ঘটনায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর শিবিরে হঠাৎ অস্বস্তি তৈরি হয়েছে। ঘটনা দুটিকে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের জটিল সমীকরণের নতুন বার্তা হিসেবে দেখছেন ভোটারদের অনেকে। গতকাল রোববার বিভিন্নজনের সঙ্গে কথা বলে এটি জানা গেছে।
ঘটনা দুটির একটি হলো, গত শনিবার আওয়ামী লীগের নেতা আফজল খান প্রতিষ্ঠিত কুমিল্লা মডার্ন হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সব পদে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীদের বিজয়। এর ফলে মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানার বাবা আফজল খান স্কুলটিতে প্রায় ২৩ বছর ধরে রাখা নিয়ন্ত্রণ হারালেন। প্রায় ৬ হাজার শিক্ষার্থীর বড় এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নির্বাচনের ফলকে কুমিল্লায় আফজল-বাহার দ্বন্দ্বের নতুন মাত্রা হিসেবে দেখছেন অনেকে।
অন্যটি হলো, একই দিনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঢাকায় ফিরে যাওয়া।
নগরবাসী মনে করছেন, সিটি নির্বাচনের পাঁচ দিন আগের এ দুটি ঘটনা গুরুত্বপূর্ণ। ঘটনা দুটি এখন ভোটারদের মুখে মুখে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যেও তা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, এত দিনকার বিরোধ এক দিনে তো কেটে যাবে না।
সূত্র বলেছে, গত সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী মনিরুল হক সাক্কুর পক্ষে দলীয় কর্মীদের মাঠে নামিয়েছিলেন বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। মনিরুল হক সাক্কু মেয়র হওয়ার পর দুজনের সম্পর্কের অবনতি হয়। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে কুমিল্লা দক্ষিণের নয়টিতে মনিরুল হক চৌধুরীর ভালো প্রভাব রয়েছে। এই নয়টিতে ভোটার ৬০ হাজার ৬২৯ জন। এগুলো মনিরুল হক চৌধুরীর নির্বাচনী এলাকায় পড়েছে। তাই নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে।
জানতে চাইলে মনিরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু ও ইয়াছিন (কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ) কেউ যোগাযোগ করেননি, কথাও বলেননি। তাই আমি ঢাকায় চলে এসেছি। সদর দক্ষিণের পাতিনেতাদের দিয়ে ঘরে ফসল আসবে না।’
অবশ্য মনিরুল হক সাক্কু প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে মনির ভাইয়ের (মনিরুল হক চৌধুরী) কোনো বিরোধ নেই। তাঁকে নির্বাচনে
নামাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমার ছোট ভাই তাঁর বাড়িতে গেছেন। তিনি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণায়ও ছিলেন। এরপর কেন চলে গেলেন জানি না।’
আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের অনেকে বলছেন, নির্বাচনের আগমুহূর্তের এ দুটি ঘটনা মনিরুল হক চৌধুরী ও আ ক ম বাহাউদ্দিনকে নিয়ে এত দিনের ‘সংশয়-সন্দেহ’ আরও দানা বাঁধল। যদিও এ দুই নেতার কেউ-ই প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিপক্ষে কিছু বলেননি। তাঁদের দুজনকে সিটি নির্বাচনে ভোটের রাজনীতিতে নিয়ামক মনে করা হয়।
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের অধীনে ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজী জাফর উল্যাহর নেতৃত্বে আওয়ামী লীগ এবং নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির দুটি বড় প্রতিনিধিদল মাঠে সক্রিয় আছে।
কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘দলের ভেতরে শতভাগ ঐক্য আছে তা বলব না। তবে আগের চেয়ে ঐক্য এসেছে। আগামী তিনটা দিন পর বুঝতে পারব কী হচ্ছে।’
বিএনপির সূত্র বলেছে, মনিরুল হক চৌধুরীর মান ভাঙাতে তাঁকে ঢাকা থেকে কুমিল্লায় আনা হয়েছিল। কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারেননি, তাই ঢাকায় ফিরে গেছেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘এ সময় ওনার (মনিরুল হক চৌধুরী) এটা করা ঠিক হয়নি। এটা একধরনের অভিমান। তাঁর অনুপস্থিতিতে কিচ্ছু হবে না, দলীয় কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করছেন।’
এ ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে আওয়ামী লীগ। জানা গেছে, ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা বাহাউদ্দিনকে চোখে চোখে রেখেছেন। গত সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুলের পক্ষে গোপনে তাঁর সক্রিয় থাকার প্রচার থাকলেও এবার এমন কিছু নেই।
আ ক ম বাহাউদ্দিন বলেন, সাংসদ হওয়ার কারণে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাঁর ভোট চাওয়ার সুযোগ নেই। তবে কুমিল্লায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় রাজনীতিক ও বাসিন্দারা বলছেন, কুমিল্লা আওয়ামী লীগে আফজল খান ও বাহাউদ্দিনের প্রায় ৩২ বছরের বিরোধ মিটমাট হওয়ার মতো নয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল হক প্রথম আলোকে বলেন, ‘এবারের নির্বাচনে অনেক জটিল সমীকরণ রয়েছে। তবে দিনের শেষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে মেয়র পদে নৌকার জয় হবে।’
অবশ্য আফজল খানকে নিয়ে আওয়ামী লীগের একটি অংশে অস্বস্তি থাকলেও তাঁর মেয়ে আঞ্জুম সুলতানাকে নিয়ে সে রকম নেই। তাঁরা কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্য চান। এই অংশটি মনে করছে, আঞ্জুম জিতলে আওয়ামী লীগ জিতবে, একই সঙ্গে নগরে সাংসদ বাহাউদ্দিনের একক আধিপত্য কমবে।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা বলেন, ‘আমার অছিলায় আফজল-বাহার দ্বন্দ্ব স্থায়ীভাবে কেটে যাক। আমার বিশ্বাস, নির্বাচনে জয়ের পর ওই দ্বন্দ্ব আর থাকবে না। আওয়ামী লীগ এক, এখানে সবাই ঐক্যবদ্ধ।’