আঞ্জুম-মনিরুলের একজনকে প্রথম হারতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট আজ। ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তাকর্মীরা। ছবিটি গতকাল দুপুরে কুমিল্লা টাউন হল থেকে তোলা l প্রথম আলো
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট আজ। ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তাকর্মীরা। ছবিটি গতকাল দুপুরে কুমিল্লা টাউন হল থেকে তোলা l প্রথম আলো

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু এ পর্যন্ত ভোটের লড়াইয়ে হারেননি। কিন্তু এবার দুজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাঁদের একজনকে হারতেই হচ্ছে। কে হারবেন, তা নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার।
দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে এখানে নির্বাচন হচ্ছে।
ভোটার, প্রার্থীর সমর্থকেরা বলছেন, মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আঞ্জুম সুলতানা ও বর্তমান মেয়র মনিরুল হকের মধ্যে। তাঁরা দুজনই রাজনৈতিক পরিবারের সন্তান।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খান আঞ্জুম সুলতানার বাবা। আঞ্জুম সুলতানা ২০০০ সালে কুমিল্লা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্যানেল চেয়ারম্যান থাকাকালে পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী মারা গেলে প্রায় দুই বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করে জয়ী হন। পরবর্তী সময় তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হন।
আঞ্জুম সুলতানা প্রথম আলোকে বলেন, এবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তাই নৌকার জয় সুনিশ্চিত। পরিবর্তন ও কুমিল্লার উন্নয়নের জন্য নৌকার বিজয় হবে। তাঁর প্রতিদ্বন্দ্বী বিগত দিনে মেয়র হয়ে নগরের উন্নয়নে বৈষম্য করেছেন।
এদিকে বিএনপির মনিরুল হক সাবেক মন্ত্রী আকবর হোসেনের মামাতো ভাই। ২০০৫ সালে তত্কালীন কুমিল্লা পৌরসভার উপনির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হন মনিরুল। ২০১১ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। এরপর কুমিল্লা সিটি করপোরেশন হলে ২০১২ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন।
মনিরুল হক বলেন, ‘আমার পরিবারের কেউ নির্বাচন করে পরাজিত হননি। জয়ের রেকর্ডই বেশি। জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে ও শান্তিপূর্ণ নির্বাচন হলে, ধানের শীষ জয়ী হবে। এখন নির্বাচন ভালো করাটা প্রশাসনের ওপর নির্ভর করছে।’
নির্বাচনের প্রস্তুতি
কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন আর নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ও ৩০ হাজার নতুন ভোটার।
কুমিল্লা সিটি করপোরেশনে ওয়ার্ড ২৭টি। ১০৩টি ভোটকেন্দ্রের ৬২৮টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে প্রার্থী চারজন। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৪ জন।
নির্বাচনে ৭৬০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ১ হাজার ৬৭৮ জন পুলিশ, ১ হাজার ২৩৬ জন আনসার, র্যা বের ৩৩৮ ও বিজিবির ৬০০ জন সদস্য, ২৭টি ওয়ার্ডে ৩৬ জন নির্বাহী হাকিম ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সদর দক্ষিণ মডেল থানার ১৭ জন পুলিশকে নিজ এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।