ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গতকাল মঙ্গলবার দেশের অন্তত আটটি জেলায় গোলাগুলি, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
গতকাল কেউ নিহত না হলেও নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত দেশজুড়ে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।
বিভিন্ন জেলায় বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা এবং রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে গতকাল দুপুর ১২টার দিকে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল হাই ও মো. তোতা মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। এ সময় আবদুল হাইয়ের বাড়ি ভাঙচুর করা হয়।
তোতা মিয়ার সমর্থক শহীদুজ্জামান (৩৪) গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরে হোসেন্দি ইউনিয়নে একটি ছনের ঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে পুলিশের ধারণা। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, দুটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, শটগানের ১৮টি গুলি ও ১০টি রামদা।
সদর উপজেলার আধারা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেনের প্রচারণায় গতকাল দুপুরে দলের বিদ্রোহী প্রার্থী সামছুল কবির মাস্টারের সমর্থকেরা হামলা করেন।
নাটোর: সিংড়া উপজেলার লালোর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা বিএনপির প্রার্থী আবদুল জব্বারের বাড়িতে গতকাল হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, সিংড়ার শুকাশ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশিক ইকবালের প্রচারের মাইক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
সাতক্ষীরা: তালা উপজেলার খলিলনগর ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে ফিরে গত সোমবার রাতে আওয়ামী লীগ মনোনীত ও পরাজিত প্রার্থী প্রণব ঘোষের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছেন দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী এস এম আজিজুর রহমান ও তাঁর সমর্থকেরা। এ সময় একজন শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।
জামালপুর: প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সরিষাবাড়ীর ভাটারা ইউপিতে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদের নির্বাচনী
প্রচারণায় হামলা করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের লোকজন।
এ ছাড়া ডোয়াইল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের লোকজন বিএনপির এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জ: ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দলের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, সোমবার দিবাগত রাতে নির্বাচনের প্রয়োজনীয় কাগজপত্র জড়ো করে সেখানে আগুন দেওয়া হয়।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ খান বলেন, দলের বিদ্রোহী ও জয়ী প্রার্থী গোলাম সারোয়ার এই হামলার জন্য দায়ী।
ঠাকুরগাঁও: সদর উপজেলার নারগুন ইউপিতে সোমবার রাতে বিএনপির প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সেরেকুল ইসলামের সমর্থকেরা।
শরীয়তপুর: সোমবার রাতে নড়িয়া উপজেলার বিঝারী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাকের সমর্থকদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল জব্বারের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম তাঁর নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন। গতকাল বিএনপির প্রার্থী নেত্রকোনার পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।