আট জেলায় আরও ৮০ আটক
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলমান হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক অভিযান চলছেই। গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত আট জেলা থেকে ৮০ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতে ইসলামীর আমির ইসমাইল হোসেনসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জনকে আটক করেছে পুলিশ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, রোববার রাতে হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের বন্দুকযুদ্ধ হয়। পরে আরিফ ও মাইন উদ্দিনকে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর গ্রেপ্তার দেখানো হয়।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের আটজন।
সিরাজগঞ্জের সলঙ্গায় খলিলুর রহমান (২৭) নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি থানার চড়িয়া শিকার দক্ষিণ পাড়া গ্রামের আহের আলীর ছেলে।
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির পাঁচজন নেতা-কর্মীসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাম্মির হাবিব চৌধুরীকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে শহরের কাজীরগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেকসহ জামায়াত-বিএনপির তিন নেতা-কর্মীকে গতকাল আটক করেছে পুলিশ।
বাগেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ রোববার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, সম্প্রতি দৌলতদিয়া ঘাটে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাত আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।