আট জেলায় সহিংসতা গুলিবিদ্ধসহ আহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতা চলছেই। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত আট জেলার ১৩টি স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যানবাহনে হামলা ও অন্যান্য সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৪৮ জন।
গত ১১ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৭৯ জন প্রাণ হারিয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে গতকাল আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১০ জনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে। আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গুলিতে আহত হয় অধিকাংশ ব্যক্তি। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, দুই পক্ষের মধ্যে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে শটগানের গুলি ছুড়তে হয়েছে। পুলিশের গুলিতে কারও আহত হওয়ার খবর তাঁদের জানা নেই।
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রদীপ কুমার সরকারের সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাকের সমর্থকদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ছাতারদিঘী বাজারে এ ঘটনা ঘটে। এদিকে বড়াইগ্রাম ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন।
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার সাইফুর রহমানের সমর্থকদের ওপর হামলায় তাঁর ভাই, ছেলে, ভাতিজাসহ পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কোনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে গতকাল সকালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নানকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউপির সদস্য প্রার্থী ছাহেরা বেগমের ভাই আবদুর রাজ্জাককে গতকাল রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাভলী বেগমের সমর্থকেরা কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বনগ্রাম এলাকায় প্রচারণার সময় তাঁর ওপর এ হামলা হয়।
কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদপুর পশ্চিম ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহম্মেদের মাইক্রোবাসে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ হামলায় চালক ফারুক হোসেন আহত হন।
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে গতকাল বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাজিম আহমদ তরফদারের সমর্থকদের ওপর হামলায় পাঁচজন আহত হয়েছে। এ সময় বিএনপির প্রার্থীর প্রাইভেটকার ভাঙচুর করা হয়। এলাকাবাসী হামলাকারীদের দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে প্রচারণা চালানোর সময় বিএনপির চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামানের তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।