আট থানা কমিটি ঘোষণার পর ক্ষোভ, থেমে গেছে বাকিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সাত-আট বছরে সংস্কার করা অংশে নতুন করে মাটি না দেওয়ায় এখন বাঁধ ভাঙতে ভাঙতে সরু হয়ে গেছে

চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন আট থানা কমিটি ঘোষণার পর বাকি সাতটির গঠনপ্রক্রিয়া থেমে গেছে। ১২ জুলাই নগরের আট থানা কমিটি ঘোষণার পর কিছু নেতা-কর্মী বিক্ষোভ করেন। এ কারণে বাকি সাতটির ব্যাপারে ধীরে চলার নীতি নিয়েছেন নগর বিএনপির নেতারা।

দলীয় সূত্র জানায়, নগরের কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ, পাহাড়তলী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা কমিটি ঘোষণা করেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম। এ ক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার দলের তিন কান্ডারি আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও এম মোরশেদ খানের মতামত বেশি গুরুত্ব দেন বলে জানা গেছে।

১২ জুলাই সন্ধ্যায় কমিটি ঘোষণার পর ডবলমুরিং, চান্দগাঁও ও বাকলিয়া থানার কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হন। পরদিন ডবলমুরিং থানার কিছু নেতা-কর্মী নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের পাঁচলাইশ থানাধীন একটি হাসপাতালের চেম্বারের সামনে বিক্ষোভ করেন। ফলে বাকি সাতটি থানা কমিটির গঠনপ্রক্রিয়া আপাতত থেমে গেছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি বড় সংগঠন। সব নেতাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই দুই-একটি থানায় কিছু নেতা ক্ষুব্ধ হতেই পারেন। তবে ডবলমুরিং থানায় যে সমস্যা ছিল তা আমরা বসে ঠিক করেছি। বাকি সাতটি থানার কমিটি ঘোষণা হবে। এর আগে আমরা সবার মতামত নেব।’

২০১০ ও ২০১১ সালে নগরের থানা কমিটিগুলো হয়েছিল। ১০ জুলাই নগর বিএনপির ২৭৫ সদস্যের ‘ঢাউস’ কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থানা কমিটি ঘোষণা শুরু হয়। দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকা ডবলমুরিং। তাঁর মতামতের ভিত্তিতে এই থানায় মো. সেকান্দরকে সভাপতি ও বাদশা মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। সেকান্দর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে দুবার কাউন্সিলর নির্বাচিত হন। এলাকার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা থাকলেও আন্দোলন-সংগ্রামে তিনি অনুপস্থিত থাকেন বলে নেতা-কর্মীদের অভিযোগ। এ ছাড়া বাদশা মিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।

ডবলমুরিং থানা এলাকার বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, নতুন কমিটির সবাই আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুগত। বিক্ষোভকারীরাও তাঁর অনুগত কর্মী-সমর্থক। কমিটি গঠনের ক্ষেত্রে নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁরা ধানের শীষে ভোট এনে দিতে পারবেন। কিন্তু আন্দোলন চাঙা করতে পারবেন না।

জানতে চাইলে ডবলমুরিং থানা বিএনপির নতুন কমিটির সভাপতি মো. সেকান্দর প্রথম আলোকে বলেন, ‘আমাকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমি কল্পনাও করতে পারিনি। তবে আমার বিরুদ্ধে নেতা-কর্মীদের কোনো অভিযোগ নেই।’

দলীয় সূত্র জানায়, বাকলিয়া থানায় ফরিদ আহমেদকে সভাপতি, এম আই চৌধুরীকে জ্যেষ্ঠ সহসভাপতি, আফতাবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. আলমগীরকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এম আই চৌধুরী তা মানতে পারছেন না। তিনি সাধারণ সম্পাদক হতে আগ্রহী ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তাঁর অনুসারীরা বিক্ষোভ করেছেন।

এ বিষয়ে জানতে এম আই চৌধুরীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠ নগর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এম এ হামিদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এম আই চৌধুরী মাঠে-ময়দানেও সরব। তাই বাকলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক হওয়ার ইচ্ছে ছিল তাঁর। কাঙ্ক্ষিত পদ না পেয়ে তিনি ক্ষুব্ধ হন।

এদিকে নগরের চান্দগাঁওয়ে মো. আজম উদ্দীনকে সভাপতি, আবদুল খালেককে জ্যেষ্ঠ সহসভাপতি ও শরীফ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে ১১ জুলাই কমিটি ঘোষণা করা হয়। তাঁরা সবাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের অনুগত বলে জানা গেছে। বিশেষ করে নতুন সভাপতি মো. আজম উদ্দীনের ব্যাপারে নেতা-কর্মীদের অভিযোগ হচ্ছে তিনি আন্দোলন-সংগ্রামে ছিলেন না। এ কারণে নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানের অনুসারীরা ক্ষুব্ধ।

আবু সুফিয়ান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আজম উদ্দীন দলের কোনো কর্মসূচিতে ছিলেন না। হঠাৎ করে তাঁকে সভাপতি বানিয়ে কমিটি ঘোষণা হলো। এ কারণে মাঠের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। পাঁচলাইশ থানায় এমন একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আন্দোলনে থাকতেন না। মাঠের নেতাদের গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।