আট বছর পর চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে। জেলার প্রবেশপথে বহু তোরণ নির্মাণসহ শহর বর্ণিল সাজে সাজানো হয়েছে।
২০০৪ সালের ১৬ এপ্রিল আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে সোলায়মান হক জোয়ার্দ্দার (জাতীয় সংসদের হুইপ) সভাপতি ও আজাদুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালে কমিটির মেয়াদ শেষ হয়। গত আট বছর মেয়াদোত্তীর্ণ কমিটিই দায়িত্ব পালন করছে।
দলের কয়েকজন নেতা-কর্মীরা বলেন, জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভাসহ মোট নয়টি ইউনিটের ১৮৪ জন কাউন্সিলর (প্রতিনিধি) ভোটের মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের নতুন কমিটি করবেন। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করবেন। তবে ৭১ সদস্যের জেলা কমিটিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মেয়াদোত্তীর্ণ কমিটির অধিকাংশই নতুন কমিটিতে আবারও স্থান পেতে যাচ্ছেন বলে জানান তাঁরা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সম্মেলন শুরু হবে। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সদস্য এস এম কামাল হোসেনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার।
এদিকে নতুন কমিটি গঠন নিয়ে পদপ্রত্যাশীদের কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সেই সঙ্গে অনেকেই ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছেপে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, সম্মেলনকে উৎসবমুখর করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনের সময় কাউন্সিলরদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া হবে।