আট বছর পর ছাত্রলীগের কমিটি ঘোষণা
দীর্ঘ আট বছর পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মশিউর রহমান সভাপতি ও ফাহিম শাহরিয়াকে সাধারণ সম্পাদক করে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর শনিবার আবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সফুরা বেগম, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান, মহিউদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শারমীন সুলতানা, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।