
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রোববার বিকেলে সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। প্রায় আট মাস পর সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের পদচারণে মুখর হয়ে ওঠে নাসিমন ভবন চত্বর। সমাবেশকে ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ রোজী কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এতে নগর যুবদলের সহসভাপতি ইয়াছিন চৌধুরী ও ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তৃতা করেন।
সাবেক সাংসদ রোজী কবির অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অনৈতিক এবং জনস্বার্থবিরোধী। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণ জবাব দেবে।
শাহাদাত হোসেন বলেন, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম তলানিতে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অথচ কুইক রেন্টালের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার। দরপত্র আহ্বান ছাড়াই কিছু লোককে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণ সরকারের এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত মানতে পারে না।
শাহাদাত হোসেন বলেন, গুম, খুন ও নির্যাতন চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে খালেদা জিয়া ১৬ কোটি মানুষকে নিয়ে রাজপথে থাকবেন।