৫ জানুয়ারি ৫০০ লোক মারা যেত: আইনমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ জানুয়ারি আটকানো না হলে ওই দিন ৫০০ লোক মারা যেত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়ার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, অবরোধের নামে বিএনপি যা করছে, তা সন্ত্রাস। বিএনপি হরতাল নয়, সন্ত্রাস করছে বলে মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন। বিএনপিকে সভা, সমাবেশ করতে না দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাঁরা সারা দেশে সভা করেছেন। বাধা দেওয়া হয়নি। এখন বিএনপি সন্ত্রাস করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সভা করতে দেওয়া হয়নি।
বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনার প্রশ্ন আসে না। আলোচনার কথা বললে এজেন্ডা কী? এজেন্ডা পরিষ্কার করতে হবে। তিনি বলেন, একদিকে সন্ত্রাস করবেন আরেক দিকে আলোচনার কথা বলবেন-সেটা তো হতে পারে না। গান পয়েন্টে বোমা মেরে এই সরকারকে আলোচনায় বসানো যাবে না। তবে গঠনমূলক আলোচনার প্রস্তাব হলে আলোচনা হবে বলে জানান মন্ত্রী। কিন্তু তার আগে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সন্ত্রাস দমনের জন্য আইন আছে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা সেই আইন প্রয়োগ করবেন।
মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিচারে আইনের খসড়া এ মাসের শেষে মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী এপ্রিল মাসের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের আইন হবে বলেও জানান তিনি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘পেশাদার খুনিরা খুন করলে অনেক সময় অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যায়। তবু আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। কিছু নতুন তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেটা গোপন রাখা হয়েছে।’
মিট দ্য প্রেসে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সেখানে উপস্থিত ছিলেন।