আটটি ইউপিতে ক্ষুদ্র জাতিসত্তার ৩১ প্রার্থী
টাঙ্গাইলের মধুপুরে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে থেকে রেকর্ডসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী হয়েছেন। আগামী বৃহস্পতিবার এ ছয়টিসহ মধুপুরের আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের আর কোথাও ক্ষুদ্র জাতিসত্তার ভেতর থেকে এতসংখ্যক প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার নজির নেই। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।’
উপজেলা নির্বাচন অফিস এবং জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ সূত্র জানায়, মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত অরনখোলা ইউনিয়ন ভেঙে বেরিবাইদ ও কুড়াগাছা নামে আরও দুটি নতুন ইউনিয়ন এবং শোলাকুড়ি ইউনিয়ন ভাগ করে ফুলবাগচালা নামের আরেকটি নতুন ইউনিয়ন করা হয়েছে। এসব এলাকায় ক্ষুদ্র জাতি গোষ্ঠী গারো ও কোচদের বসবাস বেশি। তা ছাড়া গত কয়েক বছরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এবং নেতৃত্বে এ জনগোষ্ঠীর সম্পৃক্ততা বেড়েছে। তাই এবার রেকর্ডসংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নির্বাচন অফিস সূত্র জানায়, এবার অরনখোলা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে চেয়ারম্যান পদে সিলভেস্টার মাংসাং প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা ছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে মিরা চিসিম ও ৩ নম্বর ওয়ার্ডে সুলেখা ম্রং প্রার্থী হয়েছেন। সাধারণ সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে প্রবীর নকরেক, ৭ নম্বর ওয়ার্ডে ফিলিপ মারাক এবং ৯ নম্বর ওয়ার্ডে প্রফুল্ল ডিব্রা ও এডওয়ার্ড মৃ প্রার্থী হয়েছেন।
সিলভেস্টার মাংসাং বলেন, ‘আমাদের জাতিসত্তার মানুষ অধিকার সচেতন হয়েছে বলেই স্থানীয় সরকারে নেতৃত্বে আসতে চাইছে।’
বেরিবাইদ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে তুষার রেমা, ৪ নম্বর ওয়ার্ডে সঞ্জু মানখিন এবং ৭ নম্বর ওয়ার্ডে লরেন্স নকরেক ও মিঠু আতিওয়ারা প্রার্থী হয়েছেন।
কুড়াগাছা ইউনিয়নে ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে বিচিত্রা ম্রং ও অর্চনা নকরেক প্রার্থী হয়েছেন। ২ নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন লেমন মারাক ও ফারুন নকরেক।
এবার নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে এত বেশিসংখ্যক প্রার্থী হওয়ার প্রসঙ্গে জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা নেতৃত্বে এগিয়ে আসছেন। তাই এত বেশি প্রার্থী হয়েছে। এটা ভালো লক্ষণ। নির্বাচিত হলে তারা পিছিলে পড়া নিজের জাতির জন্য কাজ করতে পারবেন।
শোলাকুড়ি ইউনিয়নে ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে তিরলা চিরাং ও বিনিতা সিমসাং প্রার্থী হয়েছেন। ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে পিতর ডিব্রা, ৭ নম্বর ওয়ার্ডে রণজিৎ নকরেক ও যোগ্য রেমা এবং ৯ নম্বর ওয়ার্ডে বিকসন নকরেক ও যতিন কুবি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফুলবাগচালা ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে ঝুমা রানী বর্মণ ও নির্মলা জেংচাম প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নের ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে লোকাস রেমা, ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে মাখন বর্মণ ও বিনিসন রেমা, ৬ নম্বর ওয়ার্ডে ভরত চন্দ্র বর্মণ ও সংকর বর্মণ এবং ৮ নম্বর ওয়ার্ডে নজেন্দ্র ডিব্রা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া আউশনারা ইউনিয়নে ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে উৎপল রেমা প্রার্থী হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের এই অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) মঞ্জু রানী প্রামাণিক। তিনি আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘এসব ব্যক্তি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে অবদান রাখবেন। এতে এসব জাতির মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।’