চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে ‘জঙ্গিদের’ গ্রেপ্তারের জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ছাত্রলীগও এ দুই কলেজের আটটি ছাত্রাবাস বন্ধ করে দিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে।
চ্ট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ থেকে গতকাল সোমবার ওই সময়সীমা বেঁধে দেওয়া হয়। লালদীঘি ময়দানে আয়োজিত ওই সমাবেশে মহিউদ্দিন চৌধুরী ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজের আটটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার দাবিতে আয়োজিত ওই সমাবেশে নগরের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ এতে সভাপতিত্ব করেন।
মহিউদ্দিন চৌধুরী ছাত্রশিবিরের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তোমরা জ্ঞান অর্জন করো। কিন্তু জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাবে না। কেউ জঙ্গিবাদী কর্মকাণ্ড চালালে তাকে ক্ষমা করা হবে না।’ তিনি মুহসীন কলেজের ছাত্রী হোস্টেলে ছেলেদের অবস্থান নেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘মেয়েদের হোস্টেলে জঙ্গিরা কীভাবে থাকে সেটা আমাদের প্রশ্ন। এসব মেনে নেওয়া যায় না। অবিলম্বে হোস্টেলগুলোকে জঙ্গিমুক্ত করতে হবে। আর এর আগে অস্ত্র উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। জঙ্গি আস্তানায় অস্ত্র থাকবে, মানুষ থাকবে না—তা হতে পারে না। ওই অস্ত্র কাদের ছিল সেটা বের করে সবাইকে ধরতে হবে।’ মহিউদ্দিন চৌধুরী ওই ‘জঙ্গিদের’ ধরতে ১৫ দিনের সময় বেঁধে দেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন ছাত্রলীগের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুটি কলেজকে জামায়াত-শিবিরমুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগ পাশে থাকবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ছাত্রশিবিরের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা চট্টগ্রাম কলেজকে আফগানিস্তান বানিয়ে রাখবেন—তা হতে পারে না। এ দেশের ছাত্রসমাজ আপনাদের জঙ্গি তৎপরতা দমনে রাস্তায় নেমেছে। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়। প্রয়োজনে আঙুল বাঁকা করা হবে।’ তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে দুটি কলেজের হোস্টেল বন্ধ করে সিলগালা করে দিতে হবে। আমরা চাই মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হোস্টেলে উঠুক। জঙ্গিদের উচ্ছেদ করা না হলে আমরা কলেজ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেব।’
সিদ্দিকী নাজমুল আলম গণমাধ্যমের সমালোচনা করে আরও বলেন, ‘আপনারা শুধু ছাত্রলীগ নিয়ে লেখেন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত-শিবিরের অপতৎপরতা নিয়ে কোনো খবর কাগজে দেখি না।’