আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ
প্রায় এক যুগ পর নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের জুনে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এতে সুলতান আহমেদকে সভাপতি এবং আবু নাসের নীলুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এখানে প্রায় ১২ বছর পর এ সম্মেলন হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ বলেন, আজ বেলা ১১টায় আটপাড়া মিলনায়তন প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, নেত্রকোনা সদর আসনের সাংসদ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। এ ছাড়া সম্মেলনে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
সুলতান আহমেদ আরও জানান, কোনো পদে একাধিক প্রার্থী থাকলে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। এতে উপজেলার মোট ১৬২ জন কাউন্সিলর ভোট দেবেন।