
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই ইউপির চরাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনী সহিংসতার ভয়ে ইতিমধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছে। সোনারগাঁয়ের ১০ ইউপিতে ২৮ মে ভোট গ্রহণ হবে।
স্থানীয় সূত্র জানায়, শম্ভুপুরা ইউপির মেঘনা নদীবেষ্টিত চরকিশোরগঞ্জ ও চরহোগলা এবং বারদি ইউপির নদীবেষ্টিত নুনেরটেকে ভোটার সংখ্যা প্রায় নয় হাজার। এসব চরে ২০০৩ সাল থেকে নির্বাচনী সহিংসতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছয়টি হত্যাকাণ্ড ঘটে। চার শতাধিক নারী-পুরুষ আহত হয়।
গতকাল সোমবার চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে গিয়ে দেখা যায়, মানুষের চোখেমুখে আতঙ্ক। চরকিশোরগঞ্জের তালেব আলী বলেন, ‘আমাদের ভোটের প্রয়োজন নেই। ভোটের দিন নেতারা সব ভোট তাঁদের পছন্দের প্রার্থীদের বাক্সে ভরে রাখেন। রাজনৈতিক প্রভাব ও সহিংসতার ভয়ে অধিকাংশ ভোটার কেন্দ্রে যান না।’
চরহোগলা গ্রামের নুরুজ্জামান মিয়া বলেন, ‘নির্বাচন, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৩ সাল থেকে এ বছর পর্যন্ত আমাদের গ্রামের ছয়জনকে হত্যা করা হয়। একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি।’
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শম্ভুপুরা ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ। এই এলাকায় ইতিমধ্যে আবদুর রউফের সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান বেগম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা হোসেনের সমর্থকদের ওপর একাধিকবার হামলা চালিয়েছেন। নুরজাহান বেগম বলেন, রউফের সমর্থকদের হামলায় তাঁর কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনায় তাঁর অনেক কর্মী এলাকাছাড়া। মোস্তফা হোসেন বলেন, জাপার প্রার্থী দলীয় সাংসদ লিয়াকত হোসেনের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আবদুর রউফ বলেন, ‘আমি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করছি না।’
বারদি ইউপির চরাঞ্চল নুনেরটেক গ্রামে গিয়েও একই ধরনের অবস্থা লক্ষ করা যায়। গ্রামের শাহীন মিয়া বলেন, গত উপজেলা নির্বাচনে এ গ্রামের কেউ ভোট দিতে পারেননি। নেতারা নির্বাচনের আগের রাতে জাল ভোট দিয়ে বাক্স ভরে রেখেছিলেন। এ বছর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ভয়ে গ্রামের সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছেন।
বারদি ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের প্রার্থী জহিরুল হক এবং তাঁর বাহিনীর ভয়ে গ্রামের অনেকে আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছেন। জহিরুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘অতীতের নির্বাচনী সহিংসতা এবং কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার কথা স্মরণ করে আমরা এ বছর চরাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’