গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশ নিজেদের নেতা-কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বলেছেন, গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতা-কর্মী বাড়িছাড়া।
হত্যার রহস্য উদ্ঘাটন বা তদন্তে এখনো উল্লেখ্যযোগ্য অগ্রগতি নেই। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবারও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
শুক্রবার রাতে সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের নিচপাড়া গ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া, নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম, খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান, উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান, রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতা আছে কি না, সে জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। আটজনের মধ্যে ছয়জনকে গতকাল আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
দুপুরে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সাংসদ হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। জামায়াত-শিবিরের যেসব নেতা-কর্মীর নামে মামলা রয়েছে, তাঁরা গা ঢাকা দিয়েছেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিম বলেন, ‘সাংসদ মনজুরুল হত্যার ঘটনায় জামায়াতকে দায়ী করায় মূল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই হত্যার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তাঁর সঙ্গে আমাদের কোনো রেষারেষিও ছিল না। আমরা প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই।’ তাঁর দাবি, ঘটনার পর থেকে জামায়াত-শিবিরের প্রায় ৩৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
সাংসদের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বামনডাঙ্গা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ বলেন, সাংসদ হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আজ রোববার বামনডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।