আতঙ্কের চেয়ারে বিএনপি নেতার সাড়ে ১৩ ঘণ্টা
টানা সাড়ে ১৩ ঘণ্টা একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে। এই সময়ের মধ্যে তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জেরা করেন এক কর্মকর্তা। সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার কথিত পরিকল্পনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে প্রথম আলোকে জানান তিনি। অবশ্য পুরোটা সময় আতঙ্কে থাকলেও কেউ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করনেনি বলে জানান শেখ মহিউদ্দীন।
চট্টগ্রামের এই বিএনপি নেতার দাবি, রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের একটি কক্ষে নেওয়া হয়েছিল তাঁকে। রাতের অন্ধকারে কার্যালয়টি কীভাবে চিনেছেন জানতে চাইলে শেখ মহিউদ্দীন বলেন, ‘ঢাকার মিন্টো রোডের মন্ত্রিপাড়া এবং ডিবি কার্যালয় আমার চেনা জায়গা। আমার তো চোখ বাঁধা ছিল না যে চিনব না। ডিবি কার্যালয় চিনতে আমার ভুল হয়নি।’
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য জন্য ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর আরামবাগ এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে ডিবি পরিচয়ে বিএনপির নেতা শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ১৭ ঘণ্টা পর বুধবার বিকেল ৫টায় আরামবাগের সেই কাউন্টারের সামনেই তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়। এরপর বাসে কের রাত সাড়ে ১১টায় তিনি চট্টগ্রামের পাঁচলাইশের নিজ বাসায় পৌঁছান। মঙ্গলবার রাতে বাসে করে তিনি ও তাঁর এক বন্ধু চট্টগ্রামে ফেরার জন্য আরামবাগে যান। তাঁকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি কাছ থেকে দেখেন তাঁর ওই বন্ধু। তিনিই ফোন করে মহিউদ্দীনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানান।
শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে তুলে নিয়ে যাওয়া এবং তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিনা কারণে তুলে নিয়ে যাওয়া রুটিন ওয়ার্কে (স্বাভাবিক ঘটনা) পরিণত হয়েছে। চট্টগ্রামের মহিউদ্দীনকে ওরা একইভাবে তুলে নিয়ে যায়। দেশে আইনের শাসন ও সরকারের জবাবদিহি নেই বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনবহির্ভূত এসব কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় চট্টগ্রামের পাঁচলাইশের বাসায় শেখ মোহাম্মদ মহিউদ্দীন সেই ১৭ ঘণ্টার বর্ণনা দেন প্রথম আলোকে। তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১২টার এক-দেড় মিনিট আগে ডিবি পরিচয়ে ১০-১২ জন আমাকে বাস থেকে নামান। রাত ১২টায় বাস ছাড়ার কথা ছিল। এরপর একটি মাইক্রোবাসে তুলে তাঁরা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আমাকে থাকতে দেওয়া হয়। আমার কাছ থেকে মুঠোফোন দুটি নিয়ে নিয়ে নেন তাঁরা। কক্ষের একটি চেয়ারে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে পরদিন বুধবার বেলা ২টা পর্যন্ত বসেই কাটাতে হয়েছে। এদিক-ওদিক যাওয়ারও কোনো সুযোগ ছিল না।’
জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু জানতে চাইলে শেখ মহিউদ্দীন বলেন, ‘সারা দেশে বিএনপি আবার নাকি নাশকতার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি তাঁদের বলেছি, নাশকতার রাজনীতি আমরা করি না। নাশকতার রাজনীতি আমরা করব কেন—এসব তাঁদের বলেছি। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই—এসব তাঁদের যাচাই করতে বলেছি।’