বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক যুগ পর অনুষ্ঠিত হলো শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
গতকাল মঙ্গলবার সকালে শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
পরে সম্মেলনে অংশ গ্রহণকারী প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. আতিউর রহমানকে সভাপতি ও চন্দন কুমার পালকে যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এই ঘোষণা দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান।
সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, দলের কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন, সাংসদ ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।