গ্রেপ্তার আতঙ্কে খাগড়াছড়িতে বিএনপির অনেক নেতা-কর্মী আত্মগোপনে। এ ছাড়া অন্তর্কোন্দলের কারণে দুই ভাগে বিভক্ত নেতা-কর্মীরা। এতে জেলা বিএনপির কার্যক্রম একরকম স্থবির হয়ে পড়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সর্বশেষ কর্মসূচি ছিল গত ৫ জানুয়ারি। সেদিন বিএনপির বিক্ষোভ মিছিল ছিল। একই দিনে কর্মসূচি ছিল আওয়ামী লীগেরও। ওই দিন দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক বিএনপির নেতা-কর্মীদের আসামি করে থানায় মামলা করেন। তখন থেকে রাজপথছাড়া বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু তালেব জানান, ৫ জানুয়ারির পর থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এ মামলাগুলোয় প্রায় এক হাজার নেতা-কর্মী আসামি করা হয়। তিনি জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যেখানে তিন হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ‘মূলত সরকারদলীয় ক্যাডারদের হামলা, পুলিশের ধরপাকড় ও হয়রানির কারণে দলের নেতা-কর্মীরা আপাতত চুপ করে আছেন। কর্মীদের মনোবল এখনো অটুট। যখনই আন্দোলনের ডাক আসবে, তখনই তাঁরা রাজপথে নামবেন।’ তিনি বলেন, ‘সরকারদলীয় ক্যাডারদের হুমকির কারণে রামগড়, মাটিরাঙা ও মানিকছড়ি উপজেলার কিছু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।’
দলীয় কোন্দল: জেলা বিএনপির সম্মেলন হয় ২০০৯ সালের ২৫ নভেম্বর। এতে দলের একটি পক্ষকে যোগ দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর থেকে জেলা বিএনপিতে দুটি ধারার সৃষ্টি হয়। একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। অন্য ধারার নেতৃত্বে আছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।
সমীরণ দেওয়ান বলেন, ‘যাঁরা দুঃসময়ে দলের পক্ষে কাজ করেছেন, তাঁদের ষড়যন্ত্র করে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। দলের পরীক্ষিত ও নিবেদিত নেতা-কর্মীরা আমার পেছনে একত্র হয়ে কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এলাকায় থাকেন না ওয়াদুদ ভূঁইয়া। তিনি কীভাবে বিএনপির মতো বড় দলের নেতৃত্বে থাকতে পারেন।’
এ প্রসঙ্গে প্রবীণ চন্দ্র চাকমা বলেন, খাগড়াছড়িতে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ওয়াদুদ ভূঁইয়া। তাঁর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।