আত্মবিশ্বাস থাকলে মামলা থেকে বাঁচতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পালিয়ে বেড়াতেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অরফানেজের টাকা যিনি (খালেদা জিয়া) মেরে খান, কোর্টে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ান, তিনিই আবার অন্যকে দুর্নীতিবাজ বলেন।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধে যখন মামলা হলো, আমি বিদেশ থেকে ফিরে আসলাম। আমাকে আসতে দেওয়া হবে না বলা হয়েছিল। আমি জোর করে দেশে এসেছি। কারণ আমার আত্মবিশ্বাস আছে, আমি অন্যায় করিনি।’ তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি এতিমদের টাকা মেরে খাননি, সেটা কোর্টে প্রমাণ করুন। তাহলে তো একে দোষ ওকে দোষ দেওয়ার প্রয়োজন নাই।’
সম্প্রতি নেপাল সফরের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘অত্যন্ত সফল একটি সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সেখানে কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর থাকে। প্রতিটি দেশ বাংলাদেশের প্রশংসা করেছে।’
শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা পর্যায়ে কাউন্সিল শুরু হয়ে গেছে। মহিলা লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ—প্রতিটি সংগঠনই নিজ নিজ অবস্থান থেকে তাদের কাউন্সিল অধিবেশন শুরু করেছে। এসব কাউন্সিলে মানুষ তাদের আশা ও ভরসার স্থল আওয়ামী লীগে আসছে।
কার্যনির্বাহী বৈঠকে ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি গ্রহণ করে।
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, সতীশ চন্দ্র রায়, নূহ-উল-আলম লেনিনসহ দলের কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।