আদমদীঘি আ.লীগে বিতর্কিত ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান ফুলের তোড়া দিয়ে গোলাম মোস্তফাকে দলে বরণ করে নিচ্ছেন। দুজনের মাঝখানে ফুলের তোড়া ধরে আছেন সাবেক সাংসদ কছিমুদ্দিন আহমেদ। ছবিটি ৫ জানুয়ারির l প্রথম আলো
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান ফুলের তোড়া দিয়ে গোলাম মোস্তফাকে দলে বরণ করে নিচ্ছেন। দুজনের মাঝখানে ফুলের তোড়া ধরে আছেন সাবেক সাংসদ কছিমুদ্দিন আহমেদ। ছবিটি ৫ জানুয়ারির l প্রথম আলো

যাঁরা গোলাম মোস্তফাকে দলে নিয়েছেন, তাঁরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন কি না সন্দেহ আছে

বগুড়ার আদমদীঘিতে বিতর্কিত ব্যক্তি গোলাম মোস্তফাকে আওয়ামী লীগে নেওয়ায় দলটির তৃণমূল পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের আমলেই আওয়ামী লীগের করা রাজাকার তালিকায় এই গোলাম মোস্তফার নাম তিন নম্বরে রয়েছে।

আজ থেকে ১২ দিন আগে এই রাজাকার কমান্ডার উপজেলা আওয়ামী লীগে যোগ দিলেও ঘটনা ফাঁস হয় সম্প্রতি। গোলাম মোস্তফার মতো একজন নেতৃস্থানীয় রাজাকারকে গোপনে আওয়ামী লীগে স্থান করে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলটির তৃণমূলের নেতা-কর্মীরা।

সান্তাহার পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক ফজলুল বারি বলেন, যাঁরা গোলাম মোস্তফার মতো একজন রাজাকারকে দলে টেনে নিলেন, তাঁদের বিচার হওয়া উচিত। তিনি আরও বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উদ্‌যাপন দিবসে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। এই সুযোগ কাজে লাগিয়ে রাজাকার গোলাম মোস্তফাকেও দলে ঢুকিয়ে ফেলা হয়। ওই যোগদান অনুষ্ঠানে সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ ও দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তবে তখন মুক্তিযুদ্ধে গোলাম মোস্তফার ভূমিকা খুব কৌশলে গোপন রাখা হয়। ঘটনার ১০ দিন পর গত শনিবার গোলাম মোস্তফার অতীত পরিচয় ফাঁস হলে আওয়ামী লীগের তৃণমূলে তোলপাড় সৃষ্টি হয়। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই করা রাজাকারের তালিকায় গোলাম মোস্তফার নাম রয়েছে ৩ নম্বরে। ওই তালিকায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফার পরিচয় দেওয়া হয়েছে আদমদীঘি থানা রাজাকারের ডেপুটি কমান্ডার হিসেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও দলের একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আদমদীঘি বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম মোস্তফা ১৯৭১ সালে রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে তিনি ওই বাহিনীর ডেপুটি কমান্ডার নিযুক্ত হন। দেশ স্বাধীনের পরবর্তী পর্যায়ে বিএনপি ক্ষমতায় এলে তিনি ওই দলে যোগ দেন। এ ছাড়া গোলাম মোস্তফা শিক্ষকতা করার সময় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দীর্ঘদিন সাময়িক বরখাস্ত ছিলেন। এসব ঘটনা জানা থাকার পরও এই লোকটিকে আওয়ামী লীগে টানার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকেরা। গোলাম মোস্তফাকে দলে টানার জন্য দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খানকে দায়ী করে তাঁদের তীব্র সমালোচনা করা হয়েছে।

গোলাম মোস্তফার উপজেলা রাজাকারের তালিকায় ডেপুটি কমান্ডার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ।

সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম ও উপজেলা সাংগাঠনিক সম্পাদক জার্জিস আলম বলেন, রাজাকার গোলাম মোস্তফার দলে যোগদানের বিষয়টি তাঁরা কেউ জানতেন না। দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামই এককভাবে তাঁকে দলে ঠাঁই করে দিয়েছেন।

এদিকে সিরাজুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে গোলাম মোস্তফাকে দলে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরক্ষণেই আবার অস্বীকার করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি দলে নেতা-কর্মীর এতই অভাব পড়েছে আর দৈন্যদশা চলছে যে রাজাকারকে দলে ভিড়িয়ে দল ভারী করতে হচ্ছে!’ তিনি আরও বলেন, এ অবস্থা চলতে থাকলে একসময় দল থেকে প্রকৃত নেতা-কর্মীরাই হারিয়ে যাবেন।

উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আনসার আলী বলেন, যাঁরা গোলাম মোস্তফাকে দলে নিয়েছেন, তাঁরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন কি না সন্দেহ আছে। তিনি অবিলম্বে রাজাকার গোলাম মোস্তফাকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।

এদিকে গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া সাংসদ কছিম উদ্দীনের মতামত জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা সেটি বন্ধ পাওয়া যায়।