আদালত প্রাঙ্গণে উত্তেজনা, বিএনপির কার্যালয় নীরব
বিএনপি-সমর্থিত আইনজীবীদের মিছিল, পুলিশের সঙ্গে বাদানুবাদ ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার দিনভর উত্তেজনা ছিল সুপ্রিম কোর্ট অঙ্গনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা ছিল নীরব। তবে রাজধানীর কুড়িল বিশ্বরোড, বিজয়নগর, ফকিরাপুল, শাহজাহানপুর এলাকায় বিএনপি-জামায়াত মিছিল বের করলে পুলিশ গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গতকাল দুটি যাত্রীবাহী বাস, তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। আগের দিন রোববার ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। দিনভর বিভিন্ন স্থানে মিছিলে পুলিশের গুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গতকাল সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুরের আল-বারাকাহ্ হাসপাতালের সামনে থেকে মিছিলের প্রস্তুতি নেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন-উর রশীদের একটি চোখে গুলি লাগে। সেখান থেকে আটজনকে আটক করে পুলিশ।
সুপ্রিম কোর্ট এলাকা: দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিএনপি-সমর্থিত আইনজীবীরা কালো পতাকা মিছিল বের করেন। আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল প্রমুখের নেতৃত্বে মিছিলটি হাইকোর্ট মাজার ফটকের দিকে যায়। এ সময় মাজারসংলগ্ন ফটকের সামনে গেলে পুলিশ বন্ধ ফটক খুলে দেয়। কিন্তু আইনজীবীরা বের না হয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ করতে ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় কেউ একজন লাঠি নিয়ে এক পুলিশ সদস্যের দিকে তেড়ে যান। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আইনজীবী সাইদুর রহমানের (যতন) মাথায় লাগে। আহত অবস্থায় তাঁকে সুপ্রিম কোর্টের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মিছিলটি ঘুরে
আবার সমিতি ভবনের সামনে দিয়ে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের দিকে যায়। এ পথে যাওয়ার সময় আরেকটি ফটক আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি আসতে দেখে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ফটক আটকাতে যান। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির সময় পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমানের মাথায় কেউ লাঠি দিয়ে আঘাত করে। এ সময় পাশে থাকা একটি গাড়ির ওপর লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বিচারপতি ফরিদ আহমেদের। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িলে সংঘর্ষ, আগুন: সোমবার বেলা সোয়া ১১টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে যমুনা ফিউচার পার্কের সামনে বিএনপি-জামায়াতের কর্মীরা একটি মিছিল বের করলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কুড়িল চৌরাস্তার কাছে হাকিম প্লাজায় একটি ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করা হয়। একটি পিকআপ ভ্যানে ভাঙচুর ও আগুন দেন বিএনপির কর্মীরা।
বিএনপির দুটি কার্যালয়ে আগুন: গতকাল বেলা পৌনে তিনটার দিকে পুরান ঢাকায় বিএনপির দুটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণ হওয়ার পর সরকারি দলের নেতা-কর্মীরা বিএনপির সুরিটোলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি এবং নর্থ সাউথ রোডে অবস্থিত কার্যালয়ে আগুন লাগিয়ে দেন।
বোমা বিস্ফোরণ, ফাঁকা গুলি: বেলা সোয়া দুইটার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের পাশে দুটি ও পল্টন মোড়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ জানাতে পারেনি।
দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় বোমাবাজির পর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। হাতবোমা বিস্ফোরণে শব্দ হওয়ার পরপরই গুলশান ২ নম্বরে একটি ভবনের সামনে অবস্থান নেওয়া যুবলীগের একজন কর্মীকেও প্রকাশ্যে অস্ত্র তুলে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বেলা ১১টা ৫০ মিনিটে বনানীর ডিওএইচএস রেলক্রসিং এলাকায় মিছিল বের করলে পুলিশ গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগামসি লেনে ল কলেজের সামনে ককটেল বিস্ফোরণে রিকশাচালক মো. রনি (২৫) ও রিকশাযাত্রী শিল্পী বেগম (২৫) আহত হয়েছেন।
হাসপাতাল ভাঙচুর: সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে ধানমন্ডির বেসরকারি ইবনে সিনা হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে। যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, একদল যুবক এ ভাঙচুর চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ারীর সেন্ট্রাল উহমেন্স কলেজের সামনে স্থানীয় যুবকেরা পেট্রল ও পেট্রলবোমা রাখার সন্দেহে চার যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। পিটুনিতে আহত ইব্রাহিম আল ইবনা (২৩), অপু ইসলাম (২৫), শফিউল ইসলাম (২৫) ও হাবিবুল আল ইমরানকে পুলিশ পাহারায় চিকিৎসা করিয়েছে।
নয়াপল্টন ছিল নীরব: গতকাল নয়াপল্টন ছিল নীরব। ভোর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়মুখী সব পথ বন্ধ করে দেয় পুলিশ। স্কাউট ভবনের সামনে (নাইটিঙ্গেল মোড়) থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কটি রোববার থেকেই বন্ধ করে দেওয়া হয়। নয়াপল্টনের ভিআইপি সড়কের সঙ্গে যুক্ত ভেতরের গলিগুলোর মুখেও ব্যারিকেড দিয়ে দিনভর পাহারা দেয় পুলিশ।
শনিবার রাতে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে যে চীনা তালাটি ঝুলিয়ে দিয়েছিল, গতকালও সেভাবেই ছিল। বিএনপির কোনো নেতা-কর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি। মাঝে মাঝে প্রচারমাধ্যমের কর্মীরা বিএনপির কার্যালয় পেছনে রেখে সরাসরি সম্প্রচারে অংশ নিয়েছেন।
গণতন্ত্র মুক্তি পাক: সকাল ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের গলি থেকে উদাম গায়ে বের হওয়া এক যুবককে পুলিশ আটক করে। তাঁর বুকে ‘গণতন্ত্র মুক্তি পাক’, পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ লেখা ছিল। হাতে ছিল কিছু কাগজ। সাংবাদিকেরা যাওয়ার আগেই পুলিশ তাঁকে ভ্যানে তুলে নেয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের গুলি: দুপুর ১২টার দিকে পুলিশের বাঁশির শব্দে নড়েচড়ে ওঠেন সব সাংবাদিক। বিজয়নগরের দিকে পুলিশের পেছন পেছন ছুটলেন সবাই। জানা গেল, সেগুনবাগিচা হয়ে কালভার্ট রোডে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়েছে। মিছিলকারীরা কালভার্ট রোডে রাখা এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। দৌড়ে যাওয়া পুলিশ মিছিলটি লক্ষ্য করে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় একজন পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে পুলিশই ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ কোনো ব্যক্তি চিকিৎসাধীন নেই।