সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল সরকারপ্রধানের উদ্দেশে বলেন, ‘আপনি তো এখন প্রধান বিচারপতির ওপরে চাপ সৃষ্টি করছেন, জোর করে তাঁকে দিয়ে রায় পরিবর্তন করানোর জন্য আপনারা প্রকাশ্যে বলছেন।’ তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব গতকাল (শনিবার) রাতে প্রধান বিচারপতির বাসায় গেছেন। কখন গেছেন? আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং করে তারপরে তিনি প্রধান বিচারপতির বাসভবনে গেছেন। আমি আরও বিস্মিত হলাম, সেখানে তিনি নৈশভোজ করেছেন।’ আওয়ামী লীগের নেতাদের রায়ের সমালোচনার কারণে ফখরুল সংশয় প্রকাশ করেন, গণতন্ত্র ধ্বংস করার জন্য আবার নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে কি না।
নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি না করে সরকারকে সোজা পথে ফিরে আসার আহ্বান জানান।১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে আসছে বিএনপি।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, তারা মনে করছে, প্রকাশ্যে এই রায়ের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ ও সরকার উচ্চ আদালতের ওপর একধরনের চাপ তৈরি করতে চাইছে। প্রধান বিচারপতির কাছে ওবায়দুল কাদেরের যাওয়া নিছক সরকারের অবস্থান পরিষ্কার করার উদ্দেশ্যে নয়। সরকারের অবস্থান পরিষ্কার করার বিষয় হলে আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল তা করতেন। তাই গুরুত্বপূর্ণ এই রায় নিয়ে সরকার ও বিচার বিভাগের ভেতর কী হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব রায় বাস্তবায়ন করা। তাঁরা সংক্ষুব্ধ হলে রিভিউ করবেন। কিন্তু আইনমন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতারা যেভাবে রায়ের বিপক্ষে বক্তৃতা-বিবৃতি দিয়ে যাচ্ছেন, তা দুঃখজনক।
খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এতে পরিষ্কার হয়ে যায় যে তাঁরা প্রভাবিত করার জন্য দেখা করেছেন। বিএনপির মহাসচিব যদি প্রধান বিচারপতির কাছে যেতেন, তাহলে আওয়ামী লীগ কী বলত? এর আগে আওয়ামী লীগের তিনজন আইনজীবী নেতা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এটা অনভিপ্রেত। এতে বোঝা যায়, আওয়ামী লীগ রায় নিয়ে রাজনীতি করতে চায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাতে বিএনপির মহাসচিব উদ্বেগ প্রকাশ করলেও দলের নেতাদের অনেকে মনে করছেন, এই সাক্ষাতের খবর ফাঁস হওয়ায় জনমনে সরকার নিয়ে সন্দেহ বাড়বে।
বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় এখনো পর্যালোচনা ও বিশ্লেষণ করছে দলটি। দলের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী নেতা রায় বিশ্লেষণ করে সারাংশ তৈরি করছেন। তবে বিএনপির প্রাথমিক মূল্যায়ন হলো, সরকার যেভাবে রায় নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে, তাতে সরকারের সংকটের বিষয়টি প্রকাশ্যে আসছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যাওয়া প্রমাণ করে সরকার এবং বিচার বিভাগের মধ্যে সংকট সত্যিকার অর্থে গুরুতর। তিনি বলেন, তাঁরা রায় নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে দেখছেন, বিএনপির করণীয় কিছু আছে কি না। তবে আওয়ামী লীগ যেভাবে বিষয়টিকে দলীয়ভাবে নিয়েছে, বিএনপি সেভাবে নেবে না। বিএনপি এটাকে উচ্চ আদালতের একটি রায় হিসেবেই দেখতে চায়।