আদালতের ঘাড়ে বন্দুক রেখে জিয়া পরিবারের ওপর আক্রমণ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের ওপর অমানবিক আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে নাজেহাল করতে তাঁকে প্রতি সপ্তাহে একবার কিংবা দুইবার আদালতে উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকারের প্রতিহিংসার বর্ধিত প্রকাশ।
এর আগের দিন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ হাজির হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানান। মামলার বিচারকাজ এখন শেষ পর্যায়ে।
ভারতীয় হাইকমিশনারের পুলিশ একাডেমি পরিদর্শন নিয়ে প্রশ্ন
সংবাদ সম্মেলনে ভারতীয় হাইকমিশনারের সম্প্রতি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলেন রিজভী। তিনি বলেন, এটা কিসের আলামত? দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি দেশের কূটনীতিকেরা। এটা কি অজানা চুক্তির বহিঃপ্রকাশ?
রিজভীর দাবি, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রভুদের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তাকে উন্মুক্ত করে দিচ্ছে। মনে হচ্ছে, আমাদের সব সরকারি প্রতিষ্ঠানকে পার্শ্ববর্তী দেশের এক্সটেনশনে পরিণত করার উদ্যোগ চলছে।’ এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতও ৬৩ জেলায় গেছেন, তখন তো বিএনপি প্রশ্ন তোলেনি—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সেটা ব্যক্তিগত সফর। আর অন্য দেশ হতো, সেটাও একটা কথা ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, পুলিশ একাডেমি বা অন্যান্য জায়গায় যদি একটি বিশেষ দেশের কূটনীতিকেরা বারবার যেতে থাকেন, তাহলে প্রশ্ন দেখা দিতেই পারে।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিটের নামে করিডর, মালামাল পরিবহনের নামে নৌ ও সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দিলেও বিনিময়ে বাংলাদেশ কিছুই পাচ্ছে না।