আদালতের ঘাড়ে বন্দুক রেখে ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সরকার: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার নীলনকশার অংশ হিসেবেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে ষড়যন্ত্র বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গাজীপুরে একটি মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশে যে আইনের শাসন নেই এবং সরকার যে আদালতের ওপর প্রভাব বিস্তার করছে, তা মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যে প্রতিনিয়তই ফুটে উঠছে।’ রিজভী বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে ধ্বংস করতে সরকারের সব অপকর্ম ও অপকৌশল রুখে দেবে দেশের জাতীয়তাবাদী শক্তি।
রিজভী দাবি করেন, সরকারের ভিত যখন নড়বড়ে, তখন জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রিজভী অভিযোগ করেন, গতকাল নাটোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কর্মিসভা পণ্ড করে দিয়েছে। বাগেরহাটেও পুলিশ কর্মিসভা করতে দিচ্ছে না। গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করতে ন্যক্কারজনকভাবে সরকারের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘরোয়া পরিবেশে বিএনপির খুবই শান্তিপূর্ণ কর্মিসভাও সরকার সহ্য করতে পারছে না।